
উচ্চশিক্ষা, গবেষণা ও অ্যাকাডেমিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার (ইউএসআইএম) মধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) সই হয়েছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এ অনুষ্ঠানে দুই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আখতার হোসেন খান এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ-আল মামুন।
অনুষ্ঠানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান বলেন, এ উদ্যোগ দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদি ও পারস্পরিক কল্যাণকর অংশীদারত্ব গড়ে তোলার পথ সুগম করবে। এর মাধ্যমে বাংলাদেশের মাদরাসা উচ্চশিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে অ্যাকাডেমিক যোগাযোগ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- প্রো-ভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ ইলিয়াস সিদ্দিকী, রেজিস্ট্রার প্রফেসর ড. এ কে মুহা: নুরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মালয়েশিয়ার ইউএসআইএমের পক্ষে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়টির ভিসি প্রফেসর টি এস. ড. শরীফুদিন মো: শাআরানি, ডেপুটি ভিসি প্রফেসর ড. নিক সালিদা সুহাইলা নিক সালেহ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ উদ্যোগ দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে কার্যকর সহযোগিতা গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশের মাদরাসা উচ্চশিক্ষার বিকাশ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা কার্যক্রম সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে এমনটাই আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








