
ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ কিংবা পানি ও বিদ্যুৎ সংযোগের জন্য এখন অনলাইনে আবেদন করতে পারবেন ক্যান্টনমেন্ট বোর্ডের সেবাগ্রহীতারা। দেশের ১৫টি ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা যুক্ত হয়েছে সরকারি সেবার প্ল্যাটফর্ম ‘মাইগভ’-এ। এসব সেবার জন্য বোর্ডভেদে ১৮৫টি অনলাইন আবেদন ফরম উন্মুক্ত করা হয়েছে।
সোমবার বিকেলে এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসপায়ার টু ইনোভেটের (এটুআই) প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন। সভাপতিত্ব করেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদফতরের মহাপরিচালক শামীম আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স অধিশাখার যুগ্মসচিব ও এটুআইয়ের যুগ্ম প্রকল্প পরিচালক মো: কামরুল হাসান।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অধিদফতরের পরিচালক (প্রশাসন ও শিক্ষা) শেখ জাহিদুল ইসলাম, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ডের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মো: আব্দুল করিম ও সাভার ক্যান্টনমেন্ট বোর্ডের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার শেহেলী লায়লা। এতে অধিদফতর ও এটুআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ১৩টি ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তারা অংশ নেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদফতরের উদ্যোগে সেবাগুলো মাইগভে যুক্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং এটুআইয়ের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। বিজ্ঞপ্তি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








