নুসরাত তাবাসসুম, নূরুন্নিসা সিদ্দীকা
নুসরাত তাবাসসুম ও নূরুন্নিসা সিদ্দীকা। সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি ও সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা। একইসাথে ঘটনার নিরপেক্ষ তদন্ত, মামলার অগ্রগতি জনসম্মুখে প্রকাশ এবং নুসরাত তাবাসসুমের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

Advertisement

শনিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা এসব দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত ১১ নভেম্বর দিবাগত রাতে নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি ১২ নভেম্বর রাতে দৌলতপুর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। তার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানা গেছে, আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছিল। মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের জেলা ও উপজেলা পর্যায়ের আটজন নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরো ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানিয়েছেন, স্থানীয় পুলিশের প্রাথমিক তদন্তে পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি এবং বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। এ ধরনের দ্বিমুখী বক্তব্য প্রকৃত ঘটনা উদঘাটনে সমস্যা তৈরি করবে।

তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা দেশের অভ্যন্তরে নানা নাশকতার চেষ্টা করছে। নুসরাত তাবাসসুম জুলাই যোদ্ধা হওয়ায় তাকে ফ্যাসিস্ট শক্তির রোষানলে পড়তে হয়েছে। ফ্যাসিবাদের শৃঙ্খল ছিঁড়তে যেসব তরুণ-যুবা এগিয়ে এসেছিলেন, চব্বিশ-পরবর্তী বাংলাদেশে তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

বিবৃতিতে তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের কাছে অধিকতর নিরপেক্ষতা প্রত্যাশা করেন। পাশাপাশি তদন্ত নিশ্চিত করা এবং মামলার অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান। বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে বিবেচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিও জোর দাবি জানান তিনি।

এ ছাড়া ফ্যাসিস্ট পুনর্বাসন ঠেকাতে গণতন্ত্রকামী দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান নূরুন্নিসা সিদ্দীকা।