
দুর্ঘটনায় হাত-পা হারিয়ে কারো জীবন থমকে গেছে কয়েক বছর আগে, কেউবা জন্ম থেকেই ভুগছেন শারীরিক প্রতিবন্ধকতায়। তাদের কেউ আবার নিজের পায়ে হাঁটতে চান, কেউ চান নিজের হাতে প্রয়োজনীয় কাজ করতে। এমন স্বপ্ন পূরণের আশায় লালমনিরহাটে কৃত্রিম হাত-পা সংযোজনের উদ্যোগ নেয়া হয়েছে। এ কার্যক্রমে অংশ নিয়েছেন জেলার প্রায় ৩০০ আগ্রহী ব্যক্তি।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে আদিতমারী উপজেলার জনতার দলের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন হয়।
জনতার দলের সহযোগিতায় ও আকিজ ইনসাফ গ্রুপের প্রতিষ্ঠান ‘নতুন কদম’-এর কারিগরি সহায়তায় দ্বিতীয় পর্যায়ে শতাধিক মানুষের কৃত্রিম হাত-পা সংযোজনের উদ্যোগ নেয়া হয়েছে। এতে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা অংশ নিচ্ছেন।
উপকারভোগীদের একজন কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম গ্রামের মফিজার রহমান। প্রায় ৩৫ বছর ধরে একটি পা হারিয়ে ক্রাচের সাহায্যে চলাফেরা করছেন তিনি। কৃত্রিম পা সংযোজনের ব্যয় বহন করার সামর্থ্য না থাকায় এতোদিন এ সুযোগ নিতে পারেননি। এবার বিনা খরচে কৃত্রিম পা সংযোজনের সুযোগ পেয়ে নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছেন তিনি। তার আশা, আবারো হাঁটতে পারবেন এবং জীবিকার জন্য প্রয়োজনীয় কাজ করতে পারবেন।
আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের সিকবাড়ী গ্রামের আমেনা বেগমের একটি পা চার বছর আগে তামাকের মুড়ি ভাঙার মেশিনে আটকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে পা ছাড়া জীবন কাটছে তার। এবার কৃত্রিম পা সংযোজনের সুযোগ পেয়ে আনন্দিত আমেনা। নতুন পায়ের সাহায্যে আবারো হাঁটাচলা করতে পারবেন, এমন প্রত্যাশা তার।
একই উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের আট বছর বয়সী দুলাল হোসেনের জীবনে দুর্ঘটনা নেমে আসে তিন বছর আগে। ধান ভাঙার মেশিনে আটকে কনুই পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায় তার একটি হাত। এরপর থেকে এক হাত দিয়েই চলছে তার দৈনন্দিন জীবন। কৃত্রিম হাত সংযোজনের পর আবারো কিছুটা স্বাভাবিকভাবে কাজ করতে পারবে, এ নিয়ে আনন্দিত শিশুটি।
লালমনিরহাট সদর উপজেলা থেকে আসা ছয় বছর বয়সী গোলাম রব্বির একটি পা পাওয়ার টিলারের সাথে লেগে বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে খেলনা গাড়ির সাহায্যে চলাফেরা করে সে। কৃত্রিম পা পেলে বন্ধুদের সাথে হেঁটে চলতে এবং খেলাধুলা করতে পারবে, এমন স্বপ্ন তার।
নতুন কদমের হেড অব অপারেশন মো: নাজমুল হক বলেন, জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামালের আহ্বানে তাদের প্রতিষ্ঠান লালমনিরহাটে এই মানবিক কার্যক্রম পরিচালনা করছে। প্রতিটি কৃত্রিম হাত-পা সংযোজনে ৪০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত ব্যয় হয়। পুরো খরচ প্রতিষ্ঠানটি বহন করছে। উপকারভোগীরা মৃত্যুর আগ পর্যন্ত এ সুবিধা পাবেন বলেও জানান তিনি।
জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল বলেন, লালমনিরহাটে হাত-পা হারানো ও পক্ষাঘাতগ্রস্ত মানুষের সংখ্যা অনেক। জীবিকার প্রয়োজনে জেলার বাইরে কাজ করতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হন। এসব মানুষের কষ্ট লাঘব এবং তাদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় এই উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি জানান, এটি কার্যক্রমের দ্বিতীয় পর্যায়। ভবিষ্যতে আরো বড় পরিসরে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি হৃদযন্ত্রে ছিদ্র থাকা শিশুদের অস্ত্রোপচারের দায়িত্ব নেয়ার বিষয়েও উদ্যোগ রয়েছে। এ ধরনের মানবিক কাজে সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








