
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের টানবাজারে কর চালানপত্র ছাড়া মজুদ রাখা ৮৭ হাজার ৩৯০ কেজি সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জব্দ করা সুতার আনুমানিক বাজারমূল্য তিন কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে বিদেশ থেকে আমদানি করা পলিয়েস্টার ও নাইলন সুতা রয়েছে ৭৭ হাজার ৩৯০ কেজি। বাকি ১০ হাজার কেজি স্থানীয়ভাবে উৎপাদিত সুতা।
গতকাল নারায়ণগঞ্জ সদর উপজেলার জিমখানা টানবাজার এলাকায় এস আর ট্রেডের একটি অনিবন্ধিত গুদামে অভিযান চালিয়ে এসব সুতা জব্দ করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাজীব সাহা।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমিশনারেটের একটি প্রতিরোধী দল ওই গুদামে তল্লাশি চালায়। এ সময় চীন, মালয়েশিয়া ও ভিয়েতনাম থেকে আমদানি করা পলিয়েস্টার ও নাইলন সুতা পাওয়া যায়। এসব সুতার পক্ষে কোনো বৈধ কর চালানপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্ট পক্ষ। একইভাবে কর চালানপত্রবিহীন ১০ হাজার কেজি স্থানীয় সুতা পাওয়া যায়। পরে সব সুতা জব্দ করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা সুতার বিপরীতে প্রযোজ্য রাজস্ব আদায়ের লক্ষ্যে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কর চালানপত্র ছাড়া পণ্য মজুদ ও বাজারজাত করা হলে পণ্যের বৈধতা যাচাই এবং প্রযোজ্য রাজস্ব নির্ধারণে জটিলতা তৈরি হতে পারে। এ ধরনের ঘটনায় যথাযথ কর ও ভ্যাট পরিশোধ নিশ্চিত করার পাশাপাশি পণ্যের আমদানি ও সরবরাহ-সংক্রান্ত নথিপত্র যাচাই গুরুত্বপূর্ণ। তবে জব্দ করা সুতার ক্ষেত্রে কী পরিমাণ রাজস্ব ফাঁকির ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনানুগ কার্যক্রমের মাধ্যমে বিষয়টি নির্ধারিত হবে বলে জানানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








