
রাজধানীর খিলক্ষেতে আগামীকাল রোববার (১৫ নভেম্বর) অনুষ্ঠিতব্য বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বয়ান পেশ করবেন উপমহাদেশের প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব আওলাদে রাসূল হযরত মাওলানা সাইয়্যিদ আসজাদ মাদানি। সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে তিনি হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মানসূচক পাগড়িও প্রদান করবেন।
রাজধানীর খিলক্ষেতে অবস্থিত আলহাজ আব্দুল মালেক মাতাব্বর ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও দস্তারবন্দি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মাওলানা সাইয়্যিদ আসজাদ মাদানি উপমহাদেশের প্রখ্যাত আলেম, স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা এবং দারুল উলূম দেওবন্দের সাবেক শায়খুল হাদীস আল্লামা সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানি রহ:-এর সাহেবজাদা। তিনি দীর্ঘদিন ধরে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে দ্বীনি দাওয়াত, ইলমি ও ইসলাহি কার্যক্রমে ভূমিকা রেখে আসছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সফরে রয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। বিশেষ মেহমান হিসেবে থাকবেন জামিয়াতুন নূর আল কাসেমিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী। এ ছাড়া দেশের বিশিষ্ট আলেম-উলামা ও ইসলামী ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন মাদরাসার সভাপতি আলহাজ এস এম ফজলুল হক। সার্বিক প্রস্তুতি গ্রহণ করছেন মাদরাসার মুহতামিম মাওলানা ইসহাক কামাল। তিনি সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানকে যথাসময়ে সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








