মৃত্যু
ছেলের মৃত্যুর শোকেই মা হাসিনা বেগমের মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা। সংগৃহীত

গোপালগঞ্জে মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেছেন মা। ছেলের লাশ বাড়ি থেকে কবরস্থানে নেয়ার পরপরই অসুস্থ হন মা, পরে তারও মৃত্যু হয়। এরপর একই কবরস্থানে দাফন করা হয় দুজনকে।

Advertisement

শনিবার (১৪ নভেম্বর) ঘটনাটি ঘটেছে উপজেলার রাঘদি ইউনিয়নের বড়দিয়া গ্রামে। মা ও ছেলের এমন মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মাঝে শোক নেমে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা বরইতলা বাসস্টান্ডে সড়ক দুর্ঘটনায় বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে বিএনপি নেতা ইলিয়াস ফকির (৫০) আহত হন পরে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর পর পরিবারের সদস্য ও স্বজনরা শোকে ভেঙে পড়েন। আজ শনিবার সকাল ১০টায় ইলিয়াস ফকিরের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

এরপর বেলা ১১টার দিকে তার মা হাসিনা বেগম (৭২) অসুস্থ হয়ে পড়লে টেকেরহাট ইউএস মডেল হাসপাতালে ভর্তি করলে দুপুরে তারও মৃত্যু হয়।

ছেলের মৃত্যুর শোকেই মায়ের মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা। মা ও ছেলের মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে।

মুকসুদপুর উপজেলা বিএনপির দফতর সম্পাদক কাইয়ুম শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের পারিবারিক কবরস্থানে সকালে ছেলে ও বিকেলে মায়ের লাশ পাশাপাশি দাফন করা হয়েছে।