
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। গত এক সপ্তাহ ধরে ফোনকল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে একাধিকবার এমন হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। এসব হুমকির বার্তায় ভারতের আলোচিত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামও ব্যবহার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিষয়টি প্রকাশ করেন মাহমুদা মিতু। এ সময় হুমকি সংক্রান্ত কয়েকটি স্ক্রিনশটও পোস্টের সাথে যুক্ত করেন তিনি। প্রকাশিত স্ক্রিনশটগুলোর একটিতে ভারতীয় নম্বর থেকে লরেন্স বিষ্ণোই পরিচয়ে পাঠানো একটি বার্তা দেখা যায়।
ফেসবুক পোস্টে মাহমুদা মিতু জানান, আগের দিন সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং একপর্যায়ে উত্তেজিত হয়ে প্রতিক্রিয়া জানান। তার ভাষ্য, শত শত শহীদের আত্মত্যাগ, আহতদের ত্যাগ এবং জুলাই আন্দোলনের সমন্বয়ক হান্নান মাসউদ ও এক দফার ঘোষক নাহিদ ইসলামের অবদানের ভিত্তিতেই বর্তমান সংসদের অবস্থান। অথচ সংসদে তাদের বক্তব্যের জবাব যুক্তি দিয়ে না দিয়ে ব্যক্তিগতভাবে অপমান করা হচ্ছে।
তিনি আরো উল্লেখ করেন, সংসদে হান্নান মাসউদকে বারবার ‘বস’ ও ‘বেয়াদব’ বলে সম্বোধন করা হচ্ছিল। তখন তিনি হত্যার হুমকি এবং বাড়িঘরে আগুন দেয়ার মতো ঘটনার প্রসঙ্গ তুলে প্রতিবাদ জানান। তার মতে, পরিবার ও নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখেও রাজনীতি চালিয়ে যেতে যে সাহসের প্রয়োজন, তা সবাই উপলব্ধি করতে পারেন না।
নিজের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে মাহমুদা মিতু বলেন, গত সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। এর আগেও এ ধরনের হুমকি পেয়েছেন বলে জানান তিনি। বিষয়টি সামনে আনলেও নুসরাতের ঘটনার মতো তা গুরুত্বহীন করে দেখার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এ সংসদ সদস্য।
পোস্টের শেষদিকে শহীদ ওসমান হাদির একটি বক্তব্য স্মরণ করে তিনি লেখেন, যতক্ষণ পর্যন্ত তাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ অন্য কারো গায়ে তা লাগবে না।
উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই ভারতের একটি আলোচিত অপরাধী চক্রের প্রধান হিসেবে পরিচিত। বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি এবং পাঞ্জাবি সঙ্গীতশিল্পী সিধু মুস ওয়ালার হত্যার ঘটনায় তার নাম আলোচনায় আসে। হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বলিউড তারকাদের হুমকি দেয়ার ঘটনাতেও বিষ্ণোই গ্যাংয়ের নাম উঠে এসেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








