সংক্ষিপ্ত সফরে প্রাপ্তি অনেক

 ক্রীড়া প্রতিবেদক
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সংক্ষিপ্ত যাত্রাবিরতির অংশ হিসেবে মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে দুপুর ১২টায় হজরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুগামী সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ট্রানজিট পয়েন্ট হিসেবে ঢাকাকে বেছে নিয়েছেন ফিফা প্রধান। তার এই অবস্থান একেবারেই স্বল্পসময়ের জন্য হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগে থেকেই তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছিল।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে ইনফান্তিনোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের সহসভাপতিরা। এ সময় দেশের ফুটবলের উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতির বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ব্যস্ততার মাঝেও ফিফা সভাপতির সাথে এক আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের বিভিন্ন বিষয় তুলে ধরেন বাফুফে কর্মকর্তারা। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাফুফে সভাপতি জানান, এই সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশের ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন, ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের অর্থায়ন এবং তৃণমূল ফুটবলের অগ্রগতি নিয়ে ফিফা সভাপতির সাথে তাদের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ফিফার ফরোয়ার্ড প্রোগ্রামের আটকে থাকা ফান্ডের সঠিক ব্যবহার।
বাফুফে সভাপতি জানান, দেশের ফুটবল উন্নয়নে নেয়া দু’টি সরকারি উদ্যোগের কথা শুনে জিয়ান্নি ইনফান্তিনো অত্যন্ত আগ্রহী হয়েছেন।
প্রথমত, স্টেডিয়ামগুলোতে সোলার পাওয়ার বা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং দ্বিতীয়ত আগামী বছর থেকে চতুর্থ শ্রেণী থেকে স্কুলে ফুটবলসহ অন্যান্য খেলাধুলা বাধ্যতামূলক করা। এ ছাড়া যুক্তরাজ্য, ইতালি, মালয়েশিয়া ও সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশীদের মাঠে টানতে আরো বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
বেলা ২টা ৫০ মিনিটে থিম্পুর উদ্দেশে রওনা ইনফান্তিনো। ভুটানে দু’দিন থাকবেন তিনি। ভুটান সফরের পর টোকিওতে অনুষ্ঠিতব্য এএফসি কংগ্রেসে যোগ দেয়ার পথে ঢাকায় আবারো সংক্ষিপ্ত ট্রানজিট নেবেন ফিফা সভাপতি ইনফান্তিনো। তখন অবশ্য তিনি বিমানবন্দর থেকে সরাসরি কানেকটিং ফ্লাইটে টোকিওর উদ্দেশে রওনা হবেন।

Advertisement