
চুয়াডাঙ্গা সদরে পেলোডার গাড়ির ভারী বাকেট ছিঁড়ে বুকের ওপর পড়ে রানা সরকার (৩৫) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রানা সরকার মানিকগঞ্জ জেলার শিবালয় থানার ত্রিলোচন পট্টি গ্রামের নিখিল বেহারার ছেলে। তিনি বিসিআইসি সার গোডাউন নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এস এস রহমান’-এ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
যেভাবে ঘটল দুর্ঘটনা
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনের সামনে একটি পেলোডার গাড়ি সার্ভিসিংয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটির ভারী বাকেট ছিঁড়ে নিচে কাজ করা শ্রমিক রানা সরকারের বুকের ওপর আছড়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
হাসপাতালে নেয়ার পর মৃত্যু
দুর্ঘটনার পর সহকর্মী ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণ ও অভ্যন্তরীণ আঘাতের কারণে হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
পুলিশের বক্তব্য ও আইনি পদক্ষেপ
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








