টাইগ্রেসদের নতুন অধিনায়ক নাহিদা

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ নারী টি-২০ ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন অভিজ্ঞ বাঁ হাতি স্পিনার নাহিদা আক্তার। তিনি নিগার সুলতানা জ্যোতির স্থলাভিষিক্ত হলেন। একই সাথে দলের নতুন সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে ব্যাটার সোবহানা মোস্তারিকে। 
থাইল্যান্ডে নভেম্বরে নির্ধারিত আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস টি-২০ ট্রফি টুর্নামেন্ট দিয়ে নাহিদা ও সোবহানার নেতৃত্বের অভিষেক হবে। ১০টি দলের অংশগ্রহণে হবে খেলা। শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পিএনজি ও ইউএইকে নিয়ে ‘এ’ গ্রুপ। বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে নিয়ে ‘বি’ গ্রুপ। টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল থাইল্যান্ডে। দেশটি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেনু সরিয়ে নিয়েছে আইসিসি। এই সপ্তাহে ভেনু চূড়ান্ত হতে পারে।
এশিয়ান গেমসের পর টি-২০ অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নিগার সুলতানা। নিজের খেলায় আরো মনোযোগ দিতেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচক প্যানেলের সাথে বৈঠক শেষে টি-২০ দলের অধিনায়কত্ব নাহিদার হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত হয়। সেই সাথে সোবহানা মোস্তারি তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবে।’
নাহিদাকে দায়িত্ব দেয়ার উপযুক্ত সময় এখনই বলে মনে করছে বিসিবি। ২০২২ সালে নিগার টি-২০ অধিনায়ক হওয়ার পর থেকেই দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন নাহিদা। রফিকুল আরো বলেন, ‘নাহিদা বেশ দীর্ঘ সময় ধরে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছে। এখন আমরা মনে করছি, টি-২০ দলের দায়িত্ব তার হাতে তুলে দেয়ার সঠিক সময় এসেছে।’
টি-২০ দলের নেতৃত্ব ছাড়লেও ওয়ানডেতে অধিনায়ক থাকছেন জ্যোতি। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তার নেতৃত্বেই খেলেছে বাংলাদেশ।
এ দিকে নতুন দায়িত্বের জন্য নাহিদাকে অভিনন্দন জানিয়ে তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জ্যোতি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, সে নিজের সামর্থ্য ও নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলে আমাদের ভূমিকার পরিবর্তন হয়েছে; কিন্তু আমাদের লাল-সবুজ পতাকার প্রতি আবেগ একই আছে, আমাদের লক্ষ্যও একই- বাংলাদেশ ক্রিকেটকে আরো এগিয়ে নিয়ে যাওয়া।’
জ্যোতি আরো বলেন, ‘একজন সতীর্থ হিসেবে নাহিদার পাশে আছি, থাকব। দলের সাফল্যের জন্য আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা করতে আমি সবসময় প্রস্তুত। আমরা একসাথে অনেকটা পথ পাড়ি দিয়েছি। সামনে বাংলাদেশের জার্সিতে একসাথে আরো অনেক সাফল্যের গল্প লিখতে চাই।’

Advertisement