মালয়েশিয়া
মালয়েশিয়ায় ভূমিধসে মাটিচাপা পড়ে বাংলাদেশী নিহত। নয়া দিগন্ত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাম্পুং মেলায়ু কেপং এলাকায় ভূমিধসের ঘটনায় মাটির নিচে চাপা পড়ে ৩৪ বছর বয়সী বাংলাদেশী এক কর্মী নিহত হয়েছেন।

Advertisement

দুর্ঘটনার বিবরণ ও উদ্ধার অভিযান

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশন কমান্ডার মোহাম্মদ হাফিজান হাসান জানান, আজ দুপুর ২টা ৪৫ মিনিটে জরুরি কল পাওয়ার পর জিনজাং ফায়ার স্টেশন থেকে আটজন অগ্নিনির্বাপণ কর্মী ঘটনাস্থলে (নম্বর ৪, জালান ২এ/১) পাঠানো হয়। 

তারা দুপুর ২টা ৫৫ মিনিটে সেখানে পৌঁছে ভূমিধসের বিষয়টি নিশ্চিত করেন এবং জানতে পারেন যে ধসে পড়া মাটির নিচে একজন কর্মী চাপা পড়েছেন।

দীর্ঘ প্রচেষ্টার পর লাশ উদ্ধার

তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপণ কর্মীরা অন্যান্য সংস্থার সহযোগিতায় এবং একটি এক্সকাভেটর (খননযন্ত্র) ব্যবহার করে মাটি সরানোর ও উদ্ধারকাজ শুরু করেন। 

দীর্ঘ অনুসন্ধানের পর বিকেল ৫টা ১৪ মিনিটে ওই বাংলাদেশী কর্মীকে উদ্ধার করে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে তাকে মৃত ঘোষণা করা হয়।