আল্লামা মামুনুল হক
সাভারে আল্লামা মামুনুল হক। নয়া দিগন্ত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন, ‘সংবিধান সংশোধন আর সংস্কার এক কথা নয় এবং বিএনপি সংবিধান সংশোধনের মাধ্যমে জনগণকে বোকা বানানোর পাঁয়তারা করছে। 

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সাভার মডেল মসজিদের সামনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গণভোটের রায় বাস্তবায়ন ও সারা দেশে সন্ত্রাস-চাঁদাবাজ নির্মূলে কার্যকর পদক্ষেপসহ বিভিন্ন দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমী এতে সভাপতিত্ব করেন।

সংবিধান সংস্কার ও জুলাই বিপ্লব প্রসঙ্গ

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, ‘সংবিধান সংশোধন আর সংস্কার এক কথা নয় । বিএনপি জনগণকে বোকা বানানোর পায়তারা চলছে। তারা সংবিধান সংশোধনের মাধ্যমে রক্তে অর্জিত জলাই বিপ্লবের জনগণের এই বিজয়কে তারা অর্থহীন করে দিতে চায়। জনতার এই বিজয় কে প্রকৃত তার যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্য তারা ব্যাহত ব্যার্থ করে দিতে চায়। তাই বিএনপি সংবিধান সংস্কার করতে চায় না। অথচ বেগম জিয়ার নেতৃত্বে বিএনপির ৩১ দফার ইজতিহারের ১ম দফাই ছিল সংবিধান সংস্কার। ক্ষমতা যাওয়ার আগে সংস্কার,সংস্কার জপলেন, আর ক্ষমতায় গিয়ে সংস্কার কথা গেলেন।’

ফ্যাসিবাদ প্রতিরোধের বিষয়ে তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদীরা দেশে ফিরে আসার চেষ্টা করলে জুলাই- যোদ্ধারা তা রুখে দেবে। এতে কোন ধরনের সন্দেহের অবকাশ নেই। এ ক্ষেত্রে সরকারি দল বিরোধী দল এক কাতারে দাড়াতে হবে।’

শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে মন্তব্য

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে মামুনুল হক বলেন, ‘শেখ হাসিনা শাপলা চত্বরের খুনি, চব্বিশের খুনি,আগুন সন্ত্রাসী, লেডি কিলার হিসেবে কুখ্যাতি অর্জন করে দেশ থেকে বিতারিত হয়ে মোদীর দেশে আশ্রয় নিয়েছে।’

তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের ফিরে আসার কোন সুযোগ নেই। শেখ হাসিনার বিচার হবে। ইতোমধ্যে তার বিরুদ্ধে রায় হয়েছে। রায় কার্যকর করা হবে। দেশবাসী হাসিনার বিচারের রায় কার্যকর দেখতে চায়।’

শহীদ পরিবারের প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনার হাতে শহীদের বাবা মায়ের কলিজার টুকরোদের হত্যার বিচার দেখার অপেক্ষা করছেন তাদের বাবা মায়েরা।’ 

তবে বিচার প্রক্রিয়া শেষে কোনো নিরীহ ও ভালো আওয়ামী লীগ নেতাকর্মী থাকলে তারা রাজনীতি করতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি। 
এছাড়া বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে একমাত্র আল্লাহ প্রদত্ত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার আহ্বান জানান খেলাফত মজলিসের আমির।

প্রধান বক্তা ও অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্য

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ বলেন, ‘যে সরকার জনগণের বিপক্ষে অবস্থান নেয়, সে সরকার ক্ষমতার মসনদে টিকে থাকতে পারবে না।’

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের জাতীয় আপা নাকি ডিসেম্বর মাসে বাংলাদেশে আসবে। আমরাও চাই সে আসুক। তবে তাকে জামাই আদরে আনা হবে না, তাকে ভারতের সাথে বন্দি চুক্তি যে আছে,ভারত সরকার তাকে গ্রেফতার করে আসামি বেসে আমাদের সরকারের কাছে হস্তান্তর করতে হবে। আর যদি দেশে আসেন,তার জায়গা হবে কাশিমপুর কারাগারে।’

সমাবেশে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি মুফতি শাহেদ জাহিরী, সহ-সভাপতি মুফতি সুলতান মাহমুদ, সহ-সভাপতি মুফতি মাহমুদুল হাসান আওলাদ, সাধারণ সম্পাদক মুফতি ফারুক হোসাইন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমী প্রমুখ।