চৌগাছায় জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর নিহত
চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় ছোট মেয়ের বিয়ের মেহেদি উৎসবের দিনে বড় জামাইয়ের হাতে শ্বশুর মোতালেব হোসেন (৬০) নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বড় মেয়ের স্বামী আনোয়ার হোসেনের (৩৫) লাঠির আঘাতে তিনি মার যান। 

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার নারায়ণপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। চৌগাছা থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত মোতালেব হোসেন উপজেলার ইলিশমারি গ্রামের মরহুম আলফাজ উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানায়, বাড়িতে ছোট মেয়ের বিয়ের আয়োজন চলছিল। আত্মীয়স্বজনকে দাওয়াতও করা হয়েছিল। বড় মেয়ের সংসারেও ছিল বিয়ের আনন্দ ভাগাভাগির প্রস্তুতি। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার মোতালেব হোসেনের ছোট মেয়ের বিয়ের দিন উপলক্ষে বড় মেয়ের স্বামী আনোয়ার হোসেনকেও (৩৫) দাওয়াত দেয়া হয়েছিল। মঙ্গলবার সকালে বড় জামাই আনোয়ারের আর্থিক অবস্থা ভালো না থাকায়, বিয়েতে খরচের জন্য কিছু টাকা দিতে বড় মেয়ের শ্বশুরবাড়ি নারায়ণপুরে যান মোতালেব।

সেখানে গিয়ে তিনি দেখতে পান, তার বড় মেয়েকে মারধর করছেন জামাই আনোয়ার হোসেন। এ সময় মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে আনোয়ারের সাথে জামাইয়ের কথা-কাটাকাটি হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে আনোয়ার হোসেন লাঠি দিয়ে শ্বশুর মোতালেবের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে, তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোতালেবের পরিবারের বিয়ের আনন্দ শোকে পরিণত হয়েছে। যে বাড়িতে ছোট মেয়ের হাতে বিয়ের মেহেদি। বিয়ের আয়োজন ঘিরে আনন্দ-উৎসবের প্রস্তুতি চলছিল, সেখানে এখন স্বজনদের আহাজারি।

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।