আলপনার তুলিতে প্রতিশোধ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
ঘরের মাঠে জয়ের হাসি দিয়ে আন্তর্জাতিক অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে গতকাল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি ২০২৬ এশিয়া জোন-২’-এর উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের পর এই জয় স্বাগতিকদের জন্য বাড়তি তৃপ্তিরও। আজ ইসমেতারা নিশি বাহিনী দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারতের বিপক্ষে। গতকাল দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৪০-৮ ব্যবধানে হারিয়েছে ভারত। 
শুরু থেকেই আক্রমণে ধার ছিল বাংলাদেশের। প্রথমার্ধে নেপাল কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও স্বাগতিকদের সাথে পেরে ওঠেনি। ১৩-৯ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরো বাড়িয়ে ১৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ কোচ আনা আলোনসোর দল।
একাই সাত গোল করে বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন আলপনা আক্তার। ম্যাচ সেরাও তিনি। কার্যকর ছিলেন মিষ্টি খাতুন ও শ্যামলী মিং। দু’জনই করেছেন ছয়টি করে গোল। অধিনায়ক ইসমেতারা নিশি পাঁচটি, সায়মা জান্নাত সীমা চারটি এবং মাসুদা আক্তার দু’টি গোল করেছেন। পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা করেছেন একটি করে গোল।
ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পর আলপনার কণ্ঠে ফুটে ওঠে সেই পুরনো হিসাব নিকাশ। ‘আসলে আমার অনেক ভালো লাগছে। ২০১৯ সালে আমরা একবার নেপালের কাছে হেরেছিলাম, ওই ক্ষোভটা মনের মধ্যে ছিল। মনে মনে ভেবেছিলাম আমরা জিতব, ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে তা-ই হয়েছে।’
ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী আলপনা, ‘কালকে (আহ) আমাদের ভারতের সাথে খেলা, সেখানেও অবশ্যই ভালো করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’

Advertisement