আইসিজেতে রোহিঙ্গা বিষয়ক মামলা সমর্থন করবে ওআইসি
বাগদাদে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইড লাইনে এক সভায় রোহিঙ্গাবিষয়ক মামলার প্রতি সমর্থন ব্যক্ত করা হয় : নয়া দিগন্ত।

কূটনৈতিক প্রতিবেদক

Advertisement

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলো আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান রোহিঙ্গাবিষয়ক মামলায় তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। ওআইসি আশা প্রকাশ করেছে, এই আইনি প্রক্রিয়া দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সঙ্কটের একটি স্থায়ী সমাধানের পথ প্রশস্ত করবে।
ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের (সিএফএম) ৫২তম অধিবেশনের সাইডলাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতাবিষয়ক অ্যাড-হক কমিটির সভায় এই সমর্থন ব্যক্ত করা হয়। চলতি মাসের শেষে অথবা আগামী মাসের প্রথম দিকে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের গণহত্যার অভিযোগে আইসিজেতে গাম্বিয়ার করা মামলার রায় হতে পারে।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা এবং মন্ত্রী পর্যায়ের অ্যাড-হক কমিটির সহসভাপতি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তার বক্তব্যে সদস্য রাষ্ট্রগুলোকে রোহিঙ্গা সঙ্কট সমাধানে সম্মিলিত ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কট মুসলিম উম্মাহর জন্য একটি বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গাদের সহায়তায় মানবিক ও আইনি কার্যক্রমকে সমর্থন করার জন্য সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। 
হুমায়ুন কবির জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উত্থাপিত গুরুত্বপূর্ণ পাঁচ দফা কর্মপরিকল্পনার ওপর জোর দেন, যেখানে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণে, বিশেষ করে আইনি কাঠামোর মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
উজবেকিস্তানের সাথে এফটিএ নিয়ে আলোচনা : বাগদাদে সিএফএমের সাইডলাইনে হুমায়ুন কবির উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলোয়েভ বাখরোমজন জুরাবোয়েভিচের সাথে সাক্ষাৎ করেছেন। উভয়ে বাণিজ্য ও বিনিয়োগ, আকাশপথে  যোগাযোগ, পর্যটন, বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সমর্থন এবং ব্যবসায়িক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি করাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। এ ছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের সম্ভাবনা নিয়ে তারা আলোচনা করেন।