সংক্ষিপ্ত সংবাদ

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ সরকার (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে আশুগঞ্জ সার কারখানা সংলগ্ন বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফরহাদ চরচারতলা গ্রামের মহরম মেম্বারের ছেলে। আশুগঞ্জ থানার এসআই ফরহাদ হোসেন জানান, গ্যাস কোম্পানির কেবল চুরির উদ্দেশ্যে কাটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন। ঘটনাস্থলে তার লাশের পাশে কেবল কাটার প্লাস পাওয়া গেছে। পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর নিখোঁজ হওয়ার পর তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তিনি প্রায়ই বিভিন্ন প্রতিষ্ঠান ও ভবনের বৈদ্যুতিক কেবল কেটে চুরি করতেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

ফটিকছড়িতে ট্রান্সফরমার চুরি

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও চুরি রোধে ফটিকছড়ি থানা পুলিশের বিশেষ মতবিনিময় সভার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর চম্পাতলী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সভার পরপরই গভীর রাতে গহিরা-ফটিকছড়ি সড়কের পাশের খুঁটি থেকে দুর্বৃত্তরা ট্রান্সফরমারটি নামিয়ে নিয়ে যায়। সকালে বিষয়টি নজরে এলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পল্লী বিদ্যুতের ডিজিএম আবুল বাসার শামছুদ্দিন জানান, এ বিষয়ে থানায় জিডি করার প্রস্তুতি চলছে। ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সাধারণ মানুষ এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত চোর চক্রকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা।

পরিত্যক্ত অবস্থায় জমি থেকে অস্ত্র উদ্ধার

নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর এলাকায় ঘাসের জমির আইলের ওপর কলাগাছের নিচ থেকে একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করেছে এসআরবি। গতকাল রোববার সকালে এসআরবি-৫-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শনিবার রাতে নাটোর ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পূর্ণকলস গ্রামের একটি ঘাসের জমির আইলে বাজারের ব্যাগে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে তল্লাশি চালানো হয়। পরে ব্যাগটির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও আলামত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুপুরে বড়াইগ্রাম থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাটোর প্রতিনিধি ও বড়াইগ্রাম সংবাদদাতা।

ধুনট এনসিপির আহ্বায়ক কমিটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ধুনট উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার এনসিপির বগুড়া জেলা কমিটি এই কমিটি অনুমোদন করে। কমিটিতে ডা. আফজাল হোসেনকে আহ্বায়ক, আব্দুল মালেককে সদস্য সচিব এবং ডা. শহিদুল ইসলাম চানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া বোরহান উদ্দীনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আনোয়ার হোসেন রাজুকে যুগ্ম আহ্বায়ক, শামছুল আলমকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব, নিহাল হোসেনকে যুগ্ম সদস্য সচিব এবং হানজালা আল আজাদীকে জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন করা হয়। একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে জেলা দফতরে জমা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ধুনট (বগুড়া) সংবাদদাতা।

পারিবারিক বিরোধে তিনজন জখম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ তিনজন আহত হয়েছেন। গত ১২ অক্টোবর উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল রোববার ভুক্তভোগী অহিদুল ইসলাম বাদি হয়ে চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, আগের একটি ঘটনার জেরে অভিযুক্ত আব্দুল হালিম ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অহিদুলের বসতঘরে হামলা চালান। এ সময় প্রতিবাদ করায় ছেলে আলভীর মাথায় শাবল দিয়ে আঘাত করা হয় এবং বাধা দিতে গেলে অহিদুল ও তার স্ত্রীকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। অহিদুল ইসলামের দাবি, তার বাবা থানায় অভিযোগ করায় প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালিয়েছেন। বক্তব্য জানতে অভিযুক্ত আবদুল হালিমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।

পূজামণ্ডপ পরিদর্শনে সুরঞ্জন ঘোষ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি সুরঞ্জন ঘোষ বিভিন্ন শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। গতকাল রোববারা পরিদর্শনকালে তিনি মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ও উদযাপনের খোঁজখবর নেন। এ সময় সুধী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকারে বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও প্রতিটি ধর্মীয় উৎসব যেন আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়, সেজন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের নিয়মিত অনুদান ও সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) থেকে সংবাদদাতা।
 
জেলা প্রশাসকের আইসিটি কক্ষে আগুন

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয়তলায় অবস্থিত জেলা আইসিটি কেন্দ্রে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার সন্ধ্যায় আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়ায় পুরো জেলা প্রশাসক কার্যালয় অন্ধকারে নিমজ্জিত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সার্ভার রুমে রক্ষিত ব্যাটারি ও কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার ঘটনাটি শর্টসার্কিট নাকি নাশকতা থেকে ঘটেছে, তা নিশ্চিত করে বলতে পারেনি সংশ্লিষ্ট সূত্র। ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ রানা জানান, তদন্ত সাপেক্ষে আগুনের মূল কারণ জানা সম্ভব হবে। খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। খুলনা ব্যুরো।

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা এবং ৩০ কেজি ক্ষতিকর চিংড়ি মাছ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। গত শনিবার পৌর শহরের মাছ বাজারে সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় মৎস্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে ক্ষতিকর জেলি ঢুকিয়ে চিংড়ি বিক্রির প্রমাণ পাওয়ায় ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং জব্দকৃত মাছ জনসমক্ষে ধ্বংস করা হয়। ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা।