সড়ক দুর্ঘটনা
খুলনার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত। নয়া দিগন্ত

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণী আহত হয়েছেন। 

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা রাহা বাড়ি নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতদের পরিচয়

দুর্ঘটনায় নিহত স্বামী-স্ত্রী হলেন—সাতক্ষীরার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে স্বপন কুমার রায় (৪৭) এবং একই গ্রামের সুবল সরকারের মেয়ে হান্না সরকার (৪৪)। এছাড়া এই দুর্ঘটনায় তমা রাহা নামে স্থানীয় এক তরুণী আহত হয়েছেন।

দুর্ঘটনার বিবরণ

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা-হ-১৮-২৫০৩ নম্বরের একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে বগুড়া-জ-১১-০০৩৮ নম্বরের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী স্বপন কুমার রায় ঘটনাস্থলেই প্রাণ হারান।

গুরুতর আহত অবস্থায় হান্না সরকারকে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী ছিলেন।

পথচারী তরুণী আহত

এদিকে, মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তমা রাহা নামের স্থানীয় এক তরুণীকেও ধাক্কা দেয়। এতে তিনি আহত হন।