সাংবাদিক আলিফের পরিবারের দায়িত্ব নেয়ার আহ্বান

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
নেত্রকোনার দুর্গাপুরের সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার বিচার, জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের মুক্তাগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে মুক্তাগাছা প্রেস ক্লাবের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।
মুক্তাগাছা প্রেস ক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন মুক্তার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব ফেরদৌস আলম, সাবেক সাধারণ সম্পাদক শফিক সরকার ও এম ইদ্রিস আলী প্রমুখ। উপস্থিত ছিলেন মুক্তাগাছা প্রেস ক্লাবের সদস্য বজরং আগরওয়ালা, মাজহারুল আজাদ বুলবুল, মোফাজ্জল হোসেন, দরাজ আলী, হজরত আলী, তাজুল ইসলাম, হুসাইন সুলভ, সারওয়ার ইকরাম রিপন, ফেরদৌস তাজ, কামরুল হুদা আকন্দ বাবলু, ও সবুরসহ মুক্তাগাছায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া মিডিয়ার সংবাদকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সাংবাদিক পরিবারগুলোর নিরাপত্তা, আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং নিহত আলিফের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে নেয়ার জোর দাবি জানান তারা।

Advertisement