নগরকান্দায় শহীদ জিয়া গণগ্রন্থাগারটির আধুনিকায়ন সময়ের দাবি
নগরকান্দায় শহীদ জিয়া গণগ্রন্থাগারটির আধুনিকায়ন সময়ের দাবি।

কাজী আফতাব হোসেন নগরকান্দা (ফরিদপুর)
ফরিদপুরের নগরকান্দায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে আধুনিক সরকারি গণগ্রন্থাগার প্রতিষ্ঠার দাবি উঠেছে। স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের মতে, শহীদ জিয়া গণগ্রন্থাগারটি আধুনিকায়ন করে নিয়মিত পাঠ কার্যক্রম চালু করা গেলে তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস বাড়বে এবং মাদকাসক্তি থেকে তাদের দূরে রাখতেও ভূমিকা রাখবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার নগরকান্দায় ‘পাবলিক লাইব্রেরি’ নামে একটি গণগ্রন্থাগার উদ্বোধন করেন। তবে উদ্বোধনের পর থেকে এটি নিয়মিত পাঠকদের জন্য উন্মুক্ত না থাকার অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে এর নাম পরিবর্তন করে ‘জিয়া পাবলিক লাইব্রেরি’ রাখা হয়। কিন্তু সরকারি জায়গায় পুরনো একটি ভবনে স্থাপিত পাঠাগারটি এখন অবহেলায় পড়ে আছে।
নগরকান্দায় সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি, সরকারি নগরকান্দা কলেজ ও শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞানচর্চার সুযোগ সীমিত। স্থানীয়দের দাবি, আধুনিক পাঠাগারে বইয়ের পাশাপাশি জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, সাময়িকী এবং চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির বই রাখতে রাখলে পড়–য়াদের অনেক উপকারে আসবে। সেই সাথে গ্রন্থগারে সাহিত্যচর্চা, বিতর্ক ও সাংস্কৃতিক আয়োজনের ব্যবস্থা করা যেতে পারে।
নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির অবসরপ্রাপ্ত শিক্ষক ও লেখক মো. ইব্রাহিম খান বলেন, শিক্ষার্থী ও জ্ঞানপিপাসু মানুষের জন্য উপজেলা সদরে একটি সরকারি গণগ্রন্থাগার অত্যন্ত প্রয়োজন। এটি তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, উপজেলা শিল্পকলা একাডেমির পুরোনো ভবন ভেঙে তিনতলা ভবন নির্মাণের প্রস্তাব পাঠানোর পরিকল্পনা রয়েছে। এতে এক তলায় শিল্পকলা একাডেমি, এক তলায় পাবলিক লাইব্রেরি এবং অন্য তলায় অফিসার্স ক্লাব করার পরিকল্পনা রয়েছে। আপাতত পুরোনো পাঠাগারটি সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

Advertisement