ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

Advertisement

সারা দেশে ডেঙ্গুরোগীদের মধ্যে আরো ছয়জনের মৃত্যু হলো। গত শনিবার সকাল ৮টার থেকে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৮৮ জন। চলতি বছর গত জানুয়ারি থেকে ডেঙ্গুতে দেশে মোট মৃত্যু হয়েছে ৩৪৮ জন। অন্য দিকে চলতি মাসের গত ১৭ দিন ১২ ঘণ্টায় (গতকাল সকাল পর্যন্ত) ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০৩ জনের এবং এই ১৬ দিন ১২ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ হাজার ৭৮০ জন। অক্টোবরের এই কয়েকদিনে দৈনিক গড়ে প্রায় এক হাজার ৮৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালেই ভর্তি হয়েছে। এর বাইরে আরো অনেক রোগী রয়েছে যারা স্বাস্থ্য অধিদফতরের নির্দিষ্ট হাসপাতালে ভর্তি হয় না, ফলে তাদের তথ্যও সরকারি তথ্যে জমা হয় না।
২৪ ঘন্টায় যে ছয়জনের মৃত্যু হয়েছে তাদের চারজন রাজধানীর হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ছিলেন। বাকি দুইজনের মধ্যে একজন ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে সিলেট বিভাগের হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। 
যে ছয়জনের মৃত্যু হয়েছে তাদের দুইজন পুরুষ এবং চারজন নারী। চলতি বছর গত জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ১২ হাজার ৪০০ জন হাসপাতালে ভর্তি হয়েছে চিকিৎসার উদ্দেশ্যে। এর মধ্যে এক  লাখ ছয়হাজার হাজার ২৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। 
গতকাল সকাল ৮টা পর্যন্ত ঢাকার বাইরে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে ১৬১ জন। একই সময়ে ঢাকা সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৫৯৫ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভেতরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২৩১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছে ২৩২ জন। একই সময়ে বরিশাল বিভাগে ১৯৯ জন ভর্তি হয়েছিল, খুলনা বিভাগে ২৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন। রংপুর বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৭২ জন, রাজশাহী বিভাগে ২০০ জন। সিলেট বিভাগের হাসপাতালে গত ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছে ১৫ জন।  
সিলেট ব্যুরো জানায়, সিলেটে ডেঙ্গুতে আরেকজনের মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে মারা যান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নেপাল চন্দ্র দাস (৫২)। এ নিয়ে চলতি মৌসুমে সিলেটে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।
এ দিকে বিভাগে ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৮জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন। 
গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর পাশাপাশি নতুন শনাক্ত ১৫ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যালে ৪, মাউন্ট এডোরা হাসপাতালে ১, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চারজন রয়েছেন।