জয়ের ধারায় আবাহনী

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল লিগে ময়মনসিংহে চট্টগ্রাম সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে আবাহনী লিমিটেড। লিগে পিডব্লিউডির বিপক্ষে ড্র দিয়ে অভিযান শুরু করা আবাহনী দ্বিতীয় ম্যাচে হারিয়েছিল ওয়ান্ডারার্সকে। এবার চট্টগ্রাম সিটির বিপক্ষে দাপুটে জয়ে তিন ম্যাচে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ পয়েন্টে।
নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আবাহনী। ম্যাচের ষষ্ঠ মিনিটে মিচেলের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে ওকাচির গোলে ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় বর্তমান রানার্সআপরা। ৫৫ মিনিটে আল-আমিনের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আবাহনী। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রাফায়েলের গোলে ব্যবধান কমায় চট্টগ্রাম সিটি এফসি। তবে তাতে হার এড়ানো সম্ভব হয়নি তাদের। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে আবাহনী। চার ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া চট্টগ্রাম সিটি এফসি রয়েছে সবার নিচে।
পয়েন্ট হারাল পুলিশ
টানা তিন জয়ের পর পয়েন্ট হারাল পুলিশ এফসি। শিরোপার লক্ষ্যে দল গড়া পুলিশকে আটকে দিয়ে লিগে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছে আরামবাগ ক্রীড়া সঙ্ঘ। গাজীপুরে দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ে। পুলিশ ও আরামবাগের ম্যাচের দুই গোলই হয়েছে প্রথমার্ধে। ৩০ মিনিটে রাব্বি হোসেন রাহুলের গোলে এগিয়ে যায় পুলিশ। বিরতির ঠিক আগে আরামবাগের সামর জয়ের গোলে সমতায় ফেরে দলটি। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে পুলিশ এফসি।
৫ বছর পর জামালের গোল
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সাথে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ব্রাদার্স ইউনিয়ন।
ম্যাচের শুরুতেই চমক দেখান ৩৬ বছর বয়সী অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়া। ৯ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে নেয়া এক জোরালো শটে ব্রাদার্সকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন জামাল। এটি দেশের শীর্ষ লিগে তার পঞ্চম গোল। এর আগে ২০২১ সালের লিগে সাইফ স্পোর্টিংয়ের হয়ে সর্বশেষ গোল করেছিলেন জামাল। এই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি ব্রাদার্সের। ১০ মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে রহমতগঞ্জকে সমতায় ফেরান অভিষেক লিম্বু। সৈয়দ রেজার লক্ষ্যভেদে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাদার্স। সাজ্জাদের গোলে ফের সমতায় রহমতগঞ্জ। চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে রয়েছে ব্রাদার্স। অন্য দিকে ৩ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ রয়েছে টেবিলের সপ্তম স্থানে।

Advertisement