
মানুষের বেঁচে থাকার জন্য প্রথম ও প্রধান প্রয়োজন নির্মল বাতাস ও বিশুদ্ধ পানি। এরপর আসে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য। জীবন ধারণের এই তিন অপরিহার্য উপাদানের কোনোটির বিকল্প নেই। অথচ রাজধানী ঢাকাসহ দেশের শহরাঞ্চলে বসবাসকারী মানুষের জন্য এ মৌলিক চাহিদাগুলো পূরণ করা ক্রমে দুরুহ হয়ে উঠছে। ঢাকার মানুষ প্রতিদিন দূষিত বাতাসে শ্বাস নিচ্ছেন, পানি পান করার আগে তার নিরাপত্তা নিয়ে চিন্তা করছেন। এ ছাড়া খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিকের আশঙ্কায় ভুগছেন। এটি শুধু পরিবেশগত বিপর্যয় নয়, জনস্বাস্থ্য ও মানবাধিকারের একটি গভীর সঙ্কট।
ঢাকার বায়ুদূষণ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, নির্মল বাতাসে শ্বাস নেয়াও নগরবাসীর জন্য অনিশ্চিত হয়ে পড়েছে। যানবাহনের কালো ধোঁয়া, ইটভাটার নির্গমন, নির্মাণকাজের ধুলাবালি, শিল্পকারখানার বর্জ্য এবং যত্রতত্র আবর্জনা পোড়ানো— সব মিলিয়ে বাতাসে ক্ষতিকর সূক্ষ্ম কণার পরিমাণ বাড়ছে। বিশেষ করে পিএম ২.৫ নামের অতি সূক্ষ্ম কণা মানুষের ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশতে পারে। এর ফলে হাঁপানি, শ্বাসতন্ত্রের সংক্রমণ, হৃদ্রোগ, স্ট্রোক ও ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়।
বিশ্বব্যাংকের বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস-২০২৩ অনুযায়ী, বাংলাদেশে বায়ুদূষণজনিত মৃত্যুর সংখ্যা বছরে এক লাখ ৫৯ হাজারের বেশি। এ হিসাব ঘরের ভেতরের ও বাইরের বায়ুদূষণ উভয়কে অন্তর্ভুক্ত করে। একই প্রতিবেদনে বায়ুদূষণ, অনিরাপদ পানি, অপর্যাপ্ত স্যানিটেশন ও সিসার সংস্পর্শসহ বিভিন্ন পরিবেশগত ঝুঁকির কারণে বছরে দুই লাখ ৭২ হাজারের বেশি মৃত্যুর কথা বলা হয়েছে। এ পরিসংখ্যান আমাদের পরিবেশ ও জনস্বাস্থ্যের বিপদের গভীরতা উপলব্ধি করতে সাহায্য করে।
ঢাকার বায়ুদূষণের অন্যতম দৃশ্যমান উৎস গণপরিবহনের একটি বড় অংশের অনিয়ন্ত্রিত ও দূষণকারী চলাচল। অনেক বাসের ইঞ্জিন পুরনো, রক্ষণাবেক্ষণ অপর্যাপ্ত এবং নির্গমন নিয়ন্ত্রণের ব্যবস্থা কার্যকর নয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ২০২৩ সালের একটি হিসাব অনুযায়ী, রাজধানীতে চলাচলের অনুমতিপ্রাপ্ত বেসরকারি বাসের প্রায় ২২ শতাংশের বৈধ ফিটনেস সনদ ছিল না। ২০২৪ সালে ঢাকার দু’টি ব্যস্ত বাসস্ট্যান্ডে পরিচালিত একটি পর্যবেক্ষণে ৩৭৮টি বাসের মধ্যে প্রায় ২০০টিকে দৃশ্যমান কালো ধোঁয়া নির্গমন করতে দেখা যায়।
প্রশ্ন হচ্ছে, ফিটনেস ও পরিবেশগত মানদণ্ডে অযোগ্য যানবাহন কিভাবে দিনের পর দিন রাস্তায় চলাচল করে? নিয়মিত পরিদর্শন, নির্গমন পরীক্ষা এবং আইন প্রয়োগের দায়িত্ব যেসব প্রতিষ্ঠানের, তাদের জবাবদিহি কোথায়? লাল কার্ড পাওয়া বা চলাচলের অনুপযোগী ঘোষিত যানবাহন যদি রাস্তায় চলতে পারে, তাহলে পরিবহন আইন ও ফিটনেস পরীক্ষার কার্যকারিতা নিয়েই প্রশ্ন ওঠে।
এর প্রত্যক্ষ শিকার সাধারণ যাত্রী, পথচারী ও সড়কে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ। দীর্ঘ সময় ধুলাবালি ও বিষাক্ত ধোঁয়ার মধ্যে দায়িত্ব পালন তাদের শ্বাসতন্ত্র ও হৃদ্স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে। ফলে পরিবেশবান্ধব গণপরিবহন গড়ে তোলা শুধু যানজট কমানোর বিষয় নয়; এটি নাগরিকের স্বাস্থ্য সুরক্ষারও অপরিহার্য শর্ত।
বাতাসের পর আসে পানির প্রশ্ন। ঢাকা ওয়াসার সরবরাহকৃত পানি সব এলাকায় সমানভাবে নিরাপদ কি না, তা নিয়ে নগরবাসীর মধ্যে দীর্ঘদিনের উদ্বেগ আছে। অনেক এলাকায় পানিতে দুর্গন্ধ, ময়লা কিংবা পাইপলাইনের মাধ্যমে দূষণ প্রবেশের অভিযোগ পাওয়া যায়। কোথাও কোথাও মানুষকে পানি ফুটিয়ে বা ফিল্টার করে পান করতে হয়। কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে সব সময় এই ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় না।
নদী ও জলাশয়ে শিল্পবর্জ্য, পয়ঃবর্জ্য এবং রাসায়নিক পদার্থের অনিয়ন্ত্রিত নিঃসরণ পানির উৎস দূষিত করছে। ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা এবং পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়াও দীর্ঘমেয়াদি উদ্বেগের বিষয়। ২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণায় ঢাকার ৩৫টি স্থানের ট্যাপের পানির নমুনা পরীক্ষা করে কয়েকটি ভারী ধাতুর উপস্থিতি এবং বিশেষত পারদ ও অন্যান্য ধাতব দূষণ নিয়ে স্বাস্থ্যঝুঁকির কথা তুলে ধরা হয়েছে।
বিশুদ্ধ পানি নিশ্চিত করতে হলে শুধু পানি সরবরাহ বাড়ালে হবে না। পানির উৎস, পরিশোধনাগার, সরবরাহ পাইপলাইন এবং গ্রাহকের সংযোগ— প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ করতে হবে। নদী ও জলাশয়কে দূষণমুক্ত করা এবং শিল্পকারখানায় বর্জ্য পরিশোধনাগার কার্যকর রাখা জরুরি।
নিরাপদ খাদ্যের নিশ্চয়তাও আজ বড় চ্যালেঞ্জ। খাদ্যে ভেজাল, ক্ষতিকর রং, অননুমোদিত রাসায়নিক, কীটনাশকের অবশিষ্টাংশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। ফলমূল, মাছ, মাংস, দুধ, তেল, মসলা ও প্রক্রিয়াজাত খাদ্য— কোনোটিই ঝুঁকির বাইরে নয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে পরীক্ষা করা এক হাজার ৭১৩টি খাদ্য নমুনার মধ্যে ৫৭১টিতে ভেজাল, দূষণ অথবা পুষ্টিমানসংক্রান্ত সমস্যা পাওয়া গেছে। অর্থাৎ পরীক্ষিত নমুনার প্রায় ৩৩ শতাংশ নিরাপদ মান পূরণ করতে পারেনি। এ তথ্য খাদ্যের মান নিয়ন্ত্রণে আরো কঠোর নজরদারির প্রয়োজনীয়তা প্রমাণ করে। খাদ্যে ভেজাল প্রতিরোধে শুধু মাঝেমধ্যে অভিযান চালালে চলবে না। উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণের প্রতিটি পর্যায়ে নজরদারি নিশ্চিত করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানো জরুরি।
উপরিউল্লিখিত এসব সঙ্কট থেকে উত্তরণে বিচ্ছিন্ন উদ্যোগ যথেষ্ট নয়। প্রয়োজন একটি সমন্বিত, বাস্তবায়নযোগ্য ও সময়াবদ্ধ জাতীয় কর্মপরিকল্পনা। প্রথমত, ঢাকার বায়ুদূষণের উৎসগুলো চিহ্নিত করে প্রতিটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পুরনো ও অতিরিক্ত ধোঁয়া নির্গমনকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন পর্যায়ক্রমে প্রত্যাহার করতে হবে। বৈদ্যুতিক বাস ও পরিবেশবান্ধব গণপরিবহন চালুর উদ্যোগ নিতে হবে। তবে শুধু নতুন বাস নামালে হবে না; সেগুলোর রক্ষণাবেক্ষণ, নির্দিষ্ট রুটে পরিচালনা এবং পর্যাপ্ত চার্জিং অবকাঠামোও নিশ্চিত করতে হবে।
দ্বিতীয়ত, নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণ, নিয়মিত পানি ছিটানো, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, অবৈধ ইটভাটা বন্ধ এবং শিল্পকারখানায় বর্জ্য পরিশোধন বাধ্যতামূলক করতে হবে। যত্রতত্র আবর্জনা পোড়ানো বন্ধ করতে হবে। বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে দূষণের তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা প্রয়োজন।
তৃতীয়ত, ঢাকা ওয়াসার পানি সরবরাহব্যবস্থার নিয়মিত স্বাধীন মান পরীক্ষা করতে হবে। দূষিত পাইপলাইন সংস্কার, নদী ও জলাশয় পুনরুদ্ধার এবং শিল্পবর্জ্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সাথে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে।
চতুর্থত, পরিবেশ ও জনস্বাস্থ্য বিষয়ে নাগরিক সচেতনতা বাড়াতে হবে। বিদ্যালয় থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত সর্বত্র বিশুদ্ধ পানি, নিরাপদ খাদ্য, বর্জ্য ব্যবস্থাপনা এবং দূষণ প্রতিরোধের শিক্ষা ছড়িয়ে দিতে হবে। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের একার নয়; নাগরিকেরও দায় আছে। তবে নাগরিকের দায়িত্বের কথা বলে রাষ্ট্রীয় দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
বাংলাদেশের সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদে রাষ্ট্রকে বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং উন্নয়নের দায়িত্ব দেয়া হয়েছে। সুতরাং নির্মল বাতাস, বিশুদ্ধ পানি ও নিরাপদ খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করা কেবল প্রশাসনিক কর্তব্য নয়; এটি সাংবিধানিক দায়িত্বেরও অংশ।
আমাদের মনে রাখতে হবে, উন্নয়ন মানে শুধু উঁচু ভবন, প্রশস্ত সড়ক, সেতু কিংবা অবকাঠামো নির্মাণ নয়। প্রকৃত উন্নয়ন হচ্ছে এমন পরিবেশ সৃষ্টি করা, যেখানে মানুষ সুস্থভাবে বাঁচতে পারে। শিশুরা নিরাপদে বেড়ে উঠতে পারে। সেই সাথে প্রবীণরা রোগভোগের আশঙ্কা ছাড়াই জীবনযাপন করতে পারেন।
নাগরিকের জন্য নির্মল বাতাস, বিশুদ্ধ পানি ও নিরাপদ খাদ্য কোনো বিশেষ অনুগ্রহ নয়। এগুলো জীবন ধারণের অপরিহার্য শর্ত। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের জীবন ও স্বাস্থ্যের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। রাষ্ট্র যদি নাগরিকের বেঁচে থাকার মৌলিক পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে সেই উন্নয়নের সাফল্য নিয়ে প্রশ্ন থেকেই যাবে। তাই এখন প্রয়োজন প্রতিশ্রুতি নয়, দৃশ্যমান পদক্ষেপ; সাময়িক অভিযান নয়, ধারাবাহিক কার্যকর ব্যবস্থা। মানুষের জীবন রক্ষার প্রশ্নে আর কালক্ষেপণের সুযোগ নেই।
লেখক : কলামিস্ট ও দ্য নিউনেশনের উপদেষ্টা সম্পাদক
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








