
সামাজিক বনায়নের সরকারি গাছ অবাধে কেটে ফেলা হচ্ছে। দিনেদুপুরে অথবা রাতের অন্ধকারে গাছ কাটা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এমনকি দায় স্বীকারও করছে না।
পত্রিকান্তরে প্রকাশিত খবরে জানা যায়, বরিশাল অঞ্চলের বিভিন্ন সড়ক ও খালের পাশে সামাজিক বনায়নের গাছ কেটে সাবাড় করছে স্থানীয় দুর্বৃত্তরা। গত দুই বছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ এবং বরিশাল সিটি করপোরেশনের পাঁচ হাজারের বেশি গাছ কেটে নিয়েছে তারা। কর্তৃপক্ষের কার্যকর নজরদারি নেই। খবরে বলা হয়— গত দুই বছরে বিভাগের বিভিন্ন উপজেলা ও মহাসড়কের আশপাশের বহু বছরের পুরনো ও মূল্যবান মেহগনি, রেনট্রি ও কড়ইগাছ কেটে নিয়েছে স্থানীয় প্রভাবশালী চক্র। এদের সাথে স্থানীয় বন বিভাগ এবং সংশ্লিষ্ট সরকারি দফতরের একশ্রেণীর কর্মকর্তার বিশেষ সম্পর্ক আছে বলেও অভিযোগ করেন স্থানীয় সাধারণ নাগরিকরা। সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তারা এমনও বলছেন, যারা গাছ কাটেন তারা প্রভাবশালী। তাই থানা পুলিশ কিংবা বন বিভাগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না।
গত দুই বছরে বরিশালের উজিরপুরে সানুহার থেকে ধামুরা পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রায় চার কিলোমিটার সড়কের বিভিন্ন প্রজাতির চার শতাধিক গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে গত ৩ নভেম্বর উজিরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলা প্রকৌশলী। তবে উজিরপুর বন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, কাটা গাছগুলো সামাজিক বনায়নের আওতায় ছিল না। তাই তারা কোনো ব্যবস্থা নেয়নি।
গত ২৭ অক্টোবর লালমোহন উপজেলার কর্তারহাট বাজার থেকে রায়চাঁদের রাস্তা পর্যন্ত চার কিলোমিটার এলাকার পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেয় দুর্বৃত্তরা। ওই এলাকার বাসিন্দারা জানান, দিন-রাত গাছ কাটা হয়েছে। রীতিমতো এক্সকাভেটর দিয়ে পুরো গাছ উপড়ে নেয়া হয়েছে। যারা গাছ কেটেছে তাদের সাথে বন বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের সখ্য রয়েছে। গৌরনদী উপজেলা বন কর্মকর্তা জানান, গাছ কেটে নেয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপর তার আর কিছু জানা নেই।
সামাজিক বনায়নের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত গুরুত্ব আছে। স্থানীয় ভূমিহীন, দরিদ্র, বিধবা ও দুর্দশাগ্রস্ত গ্রামীণ মানুষদের সম্পৃক্ত করে বনজসম্পদ সৃষ্টি, কর্মসংস্থান তৈরি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা সামাজিক বনায়নের মূল উদ্দেশ্য।
এ জন্য জনগণের কোটি কোটি টাকা ব্যয় করে সরকারি দফতর রাখা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেয়া হয়। তাদের নিষ্ক্রিয়তা, অবহেলা গ্রহণযোগ্য নয়। প্রভাবশালী দুর্বৃত্তরা অবৈধভাবে গাছ কেটে শুধু পরিবেশের ক্ষতি করছে না, তারা দরিদ্র মানুষের রুটি রুজির ওপর আঘাত হানছে। দরিদ্র মানুষের কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের রাষ্ট্রীয় উন্নয়ন কর্মসূচি ভণ্ডুল করছে। অথচ জনগণের অর্থে পরিচালিত পুলিশ প্রশাসনসহ সরকারি দফতরগুলো নিষ্ক্রিয় থেকে দুর্বৃত্তদের সহযোগিতা করছে। এ অবস্থা স্বাভাবিক নয়।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বনায়ন কর্মসূচি রক্ষায় অবিলম্বে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। কর্মকর্তাদের অবহেলায় এই গুরুত্বপূর্ণ কর্মসূচি ব্যর্থ হতে পারে না।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








