ময়লার ভাগাড়
ময়লার ভাগাড়। সংগৃহীত

বগুড়া শহরের কৃষি ফার্ম-চেকপোস্ট এলাকায় রাস্তার পাশে খোলা জায়গায় প্রতিদিন ময়লার স্তূপ চোখে পড়ে। শহরের বিভিন্ন স্থান থেকে বর্জ্য সংগ্রহ করে বগুড়া সিটি করপোরেশনই সেখানে সাময়িকভাবে জমা রাখে। কিন্তু এই ‘সাময়িক’ ব্যবস্থা বাস্তবে স্থায়ী ভাগাড়ে রূপ নিয়েছে। খোলা জায়গায় জমে থাকা প্লাস্টিক, খাবারের মোড়ক ও পচা খাদ্য বর্জ্যে চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পথের কুকুর খাবার খুঁজতে গিয়ে আবর্জনা ছড়িয়ে দিচ্ছে। বৃষ্টিতে সেই বর্জ্য নালায় গিয়ে জলাবদ্ধতা ও মশার প্রজনন বাড়াচ্ছে। এতে পথচারী ও আশপাশের বাসিন্দাদের, বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। নতুন সিটি করপোরেশনের কাছে নাগরিকদের প্রত্যাশা অনেক। 

Advertisement

তাই অনুরোধ, সংগৃহীত বর্জ্য দ্রুত, সম্ভব হলে সেদিনই, নির্ধারিত নিষ্পত্তি স্থলে সরানো হোক। ময়লা জমা রাখার জন্য রাস্তা ও লোকালয় থেকে দূরে ঢাকনাযুক্ত ব্যবস্থা কিংবা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তোলা হোক। নিয়মিত পরিচ্ছন্নতার সময়সূচিও প্রকাশ করা দরকার। পরিচ্ছন্ন শহর নাগরিকের অধিকার। আশা করি কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে।

সরফরাজ শিপন
শিক্ষার্থী,গণিত বিভাগ, সরকারি শাহ্সুলতান কলেজ, বগুড়া।