
গত দেড় দশকে দেশের ব্যাংক খাতের আলোচিত ও সংবেদনশীল নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। মালিকানা পরিবর্তন, নজিরবিহীন ঋণ জালিয়াতি এবং একের পর এক শীর্ষ নির্বাহীর পরিবর্তনের ঘটনায় ব্যাংকটি অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়েও প্রতিষ্ঠানটি সঙ্কট কাটিয়ে উঠতে পারেনি। এখন ব্যাংকটির মূলধন ঘাটতি মেটাতে সরকারের কাছে ছয় হাজার কোটি টাকার ইক্যুইটি বিনিয়োগ চাওয়ার প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব বাস্তবায়ন হলে ব্যাংকের ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা চলে যেতে পারে সরকারের হাতে।
বলা হচ্ছে, আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে এ প্রস্তাব করা হচ্ছে। শেখ হাসিনার অপশাসনে অবরুদ্ধ শেয়ারগুলো যাতে কোনো বিতর্কিত গোষ্ঠীর হাতে চলে না যায়, সেটি ঠেকানো এ প্রস্তাবের প্রাথমিক উদ্দেশ্য। ব্যাংকের মূলধন ঘাটতি পূরণ ও পুঁজি সংরক্ষণে জরুরি অর্থায়ন প্রয়োজন, তাতে সন্দেহ নেই। কিন্তু ঘাটতি মেটাতে বড় অঙ্কের শেয়ার কিনে ব্যাংককে সরাসরি সরকারের নিয়ন্ত্রণে নেয়া কতটুকু যৌক্তিক ও ফলপ্রসূ হবে, সে প্রশ্ন থেকেই যায়। কারণ, দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বর্তমান আর্থিক অবস্থা, উচ্চ খেলাপি ঋণ এবং আমলাতান্ত্রিক অদক্ষতার চিত্র কারো অজানা নয়। একটি বেসরকারি ব্যাংককে রাষ্ট্রায়ত্ত কাঠামোর অধীন করলে ব্যাংকিং কাজে প্রশাসনিক জটিলতা বাড়ে, গতি নষ্ট হয়।
নয়া দিগন্তে প্রকাশ হওয়া প্রতিবেদনে সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের মন্তব্য তুলে ধরা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, বিশ্বে বিভিন্ন দেশের সরকার ব্যাংক খাত থেকে নিজেদের মালিকানা প্রত্যাহার করছে। অথচ বাংলাদেশ যাচ্ছে উল্টো পথে। ছয় হাজার কোটি টাকার সরকারি বিনিয়োগ কয়েক বছরের মধ্যে অপচয় হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। এরপর ব্যাংকটিকে টিকিয়ে রাখতে সরকারকে আবারো অর্থ দিতে হতে পারে।
ব্যাংকের বর্তমান সঙ্কটের উৎস বিপুল অকার্যকর ও খেলাপি ঋণ। শুধু নতুন মূলধন ইনজেক্ট করলেই এই বিপুল কুঋণ আপনা আপনি ভালো ঋণে পরিণত হবে না। ব্যাংকের শীর্ষ সাবেক নির্বাহীদের প্রস্তাব অনুযায়ী, বিতর্কিত মালিকপক্ষের অবরুদ্ধ শেয়ার উন্মুক্ত বাজারে বিক্রি করে তা সরাসরি খেলাপির সাথে সমন্বয় করা গেলে ব্যালেন্স শিট পুনর্গঠন ও আমানতকারীদের আস্থা ফেরাতে কার্যকর হতো।
শেখ হাসিনা রেজিমে পরিচালনা পর্ষদে সরকারের অনুগত লোক ঢোকানো হয়। তারা ঋণ জালিয়াতির ব্যবস্থা করে দেন। চব্বিশের পরিবর্তনের পর আশা করা হয়েছিল, এই সঙ্কট কেটে যাবে। কিন্তু এখন পর্যন্ত ব্যাংকটির প্রতি শ্যেনদৃষ্টি সরে যায়নি। কিছুদিন পরপর অস্থিরতা দেখা যাচ্ছে। এর অবসান হওয়া দরকার।
সেন্টার ফর পলিসি ডায়ালগ বলছে, যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে ব্যাংকটির প্রকৃত মূলধন পরিস্থিতি ও সম্পদের গুণগত মান নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। সরাসরি সরকারি মালিকানা না বাড়িয়ে ইসলামী উন্নয়ন ব্যাংক, দুবাই ইসলামিক ব্যাংক বা কুয়েত ফাইন্যান্স হাউজের মতো সাবেক ও নতুন ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আবার বিনিয়োগে আকৃষ্ট করা উচিত। পাশাপাশি দেশীয় যোগ্য বেসরকারি বিনিয়োগকারীদের জন্য শর্তসাপেক্ষে পথ সুগম করা যেতে পারে। একই সাথে এস আলম গ্রুপসহ বিগত সময়ে নামে-বেনামে যারা বিপুল ঋণ নিয়েছে, সেগুলো উদ্ধারে বিশেষ টাস্কফোর্স গঠন করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের কঠোর, স্বাধীন ও নিরপেক্ষ তদারকি নিশ্চিত করতে হবে।
ইসলামী ব্যাংকের সঙ্কট সমাধানে দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল নিয়ে আসে, এমন পদক্ষেপ নিতে হবে। সাময়িক মূলধন জোগান দিয়ে সমাধান সম্ভব নয়। টেকসই রূপরেখা গ্রহণ করে ফিরিয়ে আনতে হবে আস্থা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








