ত্রিদেশীয় সিরিজে আজ মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক 
ঘরের মাঠে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজক পাকিস্তান। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটি দীর্ঘ ২১ বছর পর আজ থেকে মাঠে গড়াচ্ছে রাওয়ালপিন্ডিতে। ইংল্যান্ড দল সর্বশেষ ২০০৫ সালে পাকিস্তানে কোনো ওয়ানডে সিরিজ খেলেছিল। একটা সময় ক্রিকেটের ক্যালেন্ডারে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ছিল নিয়মিত আয়োজন। বিশেষ করে অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু টি-২০-এর দাপটে সেই আয়োজন এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। পুরনো সেই স্বাদ গতকাল আবুধাবিতে ফিরিয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় সাড়ে সাত বছর পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফিরছে বাংলাদেশ। আর রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ বাংলাদেশ সময় বেলা ২টায় মাঠে নামবে লঙ্কানরা। 
পাকিস্তানকে নেতৃত্ব দেবেন বাঁ হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার রাজাউল্লাহ। গত মাসে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রাজাউল্লাহর। অভিষেক ম্যাচে ব্যাট হাতে ৮১ রান ও বল হাতে ৪ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কাড়েন তিনি। এ বছরের শুরুর দিকে টি-২০ দল থেকে বাদ পড়া অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবার বাদ পড়লেন ওয়ানডে দল থেকেও। 
ত্রিদেশীয় সিরিজ শুরু করার লক্ষ্য পাকিস্তান অধিনায়ক আফ্রিদির। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ভালো ক্রিকেট খেলা এবং জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। যেকোনো টুর্নামেন্টে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে পারলে পরের দিকের সব কিছু সহজ হয়। আশা করি, ব্যাটার ও বোলাররা ভালো পারফরম্যান্স করবে এবং দলের জন্য সাফল্য বয়ে আনবে।’ 
এ দিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ওপেনার পাথুম নিশাঙ্কাকে ছাড়াই খেলবে শ্রীলঙ্কা। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন লাহিরু উদারা। দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক চারিথ আসালাঙ্কাও। তবে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর লক্ষ্য শ্রীলঙ্কারও। অধিনায়ক কুশল মেন্ডিস বলেন, ‘আমরা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই। দলের সবাই মাঠে নামতে মুখিয়ে আছে এবং ব্যাট-বল হাতে নিজেদের উজার করে দিতে চায়। নিজেদের কন্ডিশনে পাকিস্তান সবসময় শক্তিশালী দল। জয় পেতে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’
এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচের পর ২০ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ২২ অক্টোবর রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। লিগ পর্বের প্রথম ধাপের ম্যাচগুলো রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো লাহোরে অনুষ্ঠিত হবে। ২৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান এবং ২৭ অক্টোবর একই মাঠে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। ২৯ অক্টোবর শেষ ম্যাচে লড়বে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। এরপর ৩১ অক্টোবর হবে ফাইনাল।

Advertisement