হাওর এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের মামলা
আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে মামলা কারা হয়েছে। নয়া দিগন্ত

নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি রেলওয়ে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন এসআই মোবারক হোসেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, বুধবার (১১ নভেম্বর) মামলাটি আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটির যাত্রীসেবা কর্মী (স্টুয়ার্ড) আলাউদ্দিন হাওলাদার ময়মনসিংহ রেলওয়ে থানায় এজাহার দায়ের করেন। 

এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দৈনন্দিন সাধারণ ডিউটি মূলে ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনের ড বগি ও ৯৬৮৯ নম্বর কোচে স্টুয়ার্ড হিসেবে ডিউটিতে নিয়োজিত ছিলেন আলাউদ্দিন হাওলাদার। পরদিন ১০ নভেম্বর ভোর ৫টা ১৫ মিনিটের দিকে ট্রেনটি মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ৫টা ৪৫ মিনিট পর্যন্ত তিনি উক্ত ট্রেনের ড বগিতে অবস্থান করছিলেন। পরে, তিনি স্টেশন মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান।

নামাজ শেষে চিৎকার চেঁচামেচি শুনে মসজিদ থেকে বের হয়ে ট্রেনে ধোঁয়া দেখতে পান। পরে, সকাল ৬টা ১০ মিনিটে সহকর্মী স্টুয়ার্ড পলাশ, আকিব মাহিম ও স্টেশনে ডিউটিরত রেলওয়ে পুলিশ দ্রুত দৌড়ে এসে দেখতে পান মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে হাওর এক্সপ্রেস ট্রেনের বগি ড ও কোচ নম্বর ৯৬৮৯-এর যাত্রীবাহী অংশের চারটি সিটে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

পরে, তিনি ও কর্তব্যরত রেলওয়ে পুলিশ, অন্যান্য স্টুয়ার্ড সদস্যদের সহায়তায় উক্ত কোচের আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোচটির চারটি সিট আংশিক পুড়ে যায়। এ ঘটনায় সরকারি জাতীয় রেলওয়ে সম্পত্তি প্রায় ১০ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে থানায় এজাহার দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে।

স্টেশন সূত্র জানায়, ট্রেনের ড বগিটি স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে অবস্থান করছিল। ওই স্থানে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় আগুন দেয়ার ঘটনা ক্যামেরায় ধারণ হওয়ার সুযোগ ছিল না।

এ ঘটনার পর ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় সকাল ৮টায় ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মোহনগঞ্জ স্টেশন ছেড়ে যায়।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, ঘটনার পর ট্রেন ও যাত্রীদের নিরাপত্তায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ট্রেন স্টেশনে প্রবেশের পর প্রত্যেক ব্যক্তিকে সার্বক্ষণিক পুলিশি নজরদারিতে রাখা হচ্ছে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বলেন, ট্রেনে আগুন দেয়ার ঘটনায় ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা হয়েছে। তবে, এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।