
ময়মনসিংহ নগরীর চর কালিবাড়ি এলাকায় এক কিশোরের ছুরিকাঘাতে রানা (১৬) নামে আরেক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, বুধবার (১১ নভেম্বর) রাতে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত রানা জেলার ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের হোসেনপুর গ্রামের মুস্তাফিজুর রহমানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মোখলেস (১৬) ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মোখলেস ও রানা নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর কালিবাড়ি এলাকার একটি বোতল তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত। বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের আগে কারখানার অধিকাংশ শ্রমিকের ছুটি হয়ে যায়। কারখানার মালিকসহ অন্যরা নামাজে চলে গেলে সেখানে কাজ করছিল মোখলেস ও রানা।
একপর্যায়ে হঠাৎ রানার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা জানতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








