
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমাতে বাংলাদেশের সমুদ্রসীমার ২৬টি ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানান।
সংরক্ষিত নারী আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকার এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখতে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক শর্ত সংযোজন করে ‘বাংলাদেশ অফশোর মডেল পিএসসি-২০২৬’ চূড়ান্ত করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার অভ্যন্তরীণ গ্যাস ও খনিজসম্পদের অনুসন্ধান এবং উত্তোলন জোরদারের উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী জানান, নতুন উৎপাদন বণ্টন চুক্তির (পিএসসি) আওতায় সমুদ্রসীমার ২৬টি ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের জন্য গত ২৪ মে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩১ মার্চ।
তিনি বলেন, নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার, আমদানি নির্ভরতা কমানো এবং শিল্প ও বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এদিকে, মন্ত্রী স্পষ্ট করে বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নগদ সহায়তা বা ভর্তুকি প্রদানের অর্থের সংস্থান করতে সরকার সরাসরি গ্যাস বা জ্বালানি তেলের দাম বাড়ায় না।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারদর, আমদানি ব্যয়, সরবরাহ ব্যয় ও বিতরণ খরচ বিবেচনায় নিয়ে সরকার গ্যাস ও জ্বালানির মূল্য নির্ধারণ করে।
মন্ত্রী আরো বলেন, প্রয়োজন অনুযায়ী ভর্তুকি ও মূল্য সমন্বয়ের মাধ্যমে ভোক্তাদের স্বার্থ এবং দেশের আর্থিক সক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে সরকার।
তিনি জানান, জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও ভর্তুকির মাধ্যমে নিম্ন আয়ের এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা দেয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, একটি খাতে নির্বিচারে দাম বাড়িয়ে অন্য খাতে ভর্তুকি দেয়ার পরিবর্তে প্রকৃত উপকারভোগীদের কাছে লক্ষ্যভিত্তিক ও স্বচ্ছ সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা পৌঁছে দেয়াই সরকারের নীতিগত লক্ষ্য।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








