এবার বিমানের রিয়াদগামী ফ্লাইট, অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক

Advertisement

সৌদি আরবের রিয়াদের কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও দাম্মাম বিমানবন্দরে হাউছিদের অর্তকিত হামলার পরিপ্রেক্ষিতে গত ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স  কর্তৃপক্ষ। তবে গতকাল শনিবার হালনাগাদ তথ্য দিয়ে তারা জানিয়েছেন, রিয়াদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। 
বিমানের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা প্রাপ্তিসাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে এবং তা যাত্রীদের জানানো হবে। একই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স  আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় পরিচালনার পরিকল্পনা করছে। তবে এ  ক্ষেত্রে দাম্মাম বিমানবন্দরে প্রয়োজনীয় অনুমতি পাওয়া সাপেক্ষে এসব ফ্লাইট পরিচালনা করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটগুলো চালু রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের সুবিধার্থে ইতোমধ্যে মদিনা রুটে অধিক যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে, যা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।