
ট্রেনে কাটা পড়ে নিহত ২
খুলনার ফুলবাড়ীগেট এলাকায় মাত্র সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে এই দু’টি দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- ফুলবাড়ী মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুরের আলমনগর এলাকার জয়নাল আবেদীন (৮৩)। পুলিশ ও প্রত্যদর্শীরা জানান, ভোর পৌনে ৬টার দিকে সিয়াম ফুলবাড়ী এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য দিকে সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন বৃদ্ধ জয়নাল আবেদীন। পরে রেললাইন ধরে হাঁটার সময় ফুলবাড়ীগেটে পৌঁছলে খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেলওয়ে থানার উপপরিদর্শক এস এম রায়হান জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। খুলনা ব্যুরো।
কোটি টাকার স্বর্ণসহ আটক ১
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ছয়টি স্বর্ণের বারসহ দবির উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের ওজন ৭০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা। আটক দবির উদ্দিন মুন্সিপুর গ্রামের দলিলের ছেলে। গতকাল শনিবার বেলা ১টা ৩৫ মিনিটের দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীন মুন্সিপুর বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, দবির উদ্দিন স্বর্ণের বারগুলো নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের চেষ্টা চালাচ্ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে দামুড়হুদা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেয়া হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা।
অস্ত্রসহ ভ্যানচালক গ্রেফতার
বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ মীরাজ গাইন (২৭) নামের এক ভ্যানচালককে গ্রেফতার করেছে। মীরাজ সাতীরার কালীগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে। গতকাল শনিবার রাত দেড়টার দিকে বেনাপোল-যশোর মহাসড়কের ভবারবেড় এলাকায় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে এ অভিযান চালানো হয়। জানা যায়, নাভারণ থেকে মুরগিবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে অস্ত্রের একটি চালান বেনাপোলের দিকে আনা হচ্ছে; সন্দেহজনক ভ্যানটির গতি রোধ করে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে। বেনাপোল (যশোর) সংবাদদাতা।
দুর্যোগ উদ্ধারসামগ্রী বিতরণ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদে বন্যামুক্ত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার তিনটি ওয়ার্ডে ১৮ ধরনের অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনার উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এ এম বেনজীর রহমান এ সহায়তা বিতরণ করেন। স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা মহিদেব যুবসমাজ কল্যাণ সমিতির আয়োজনে এবং ‘বাংলাদেশের জলবায়ু সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক স্থানীয়ভাবে পরিচালিত পদক্ষেপ’ প্রকল্পের আওতায় এসব সামগ্রী দেয়া হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে উদ্ধার বক্স, স্ট্রেচার, হ্যান্ডমাইক, লাইফ জ্যাকেট, লাইফ বয়া, টর্চলাইট, প্রাথমিক চিকিৎসা বক্স, রেইনকোট, ত্রিপল ও হুইলচেয়ার। কুড়িগ্রাম প্রতিনিধি।
আড়াইহাজারে রামদা ঠেকিয়ে ছিনতাই
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে রামদা ঠেকিয়ে এক মোটরসাইকেল আরোহীর সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মহাসড়কের পুরিন্দা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী মোটরসাইকেল আরোহীর নাম ফারুক আহমেদ (৪৭)। তিনি নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকার আলা উদ্দিন বিশ্বাসের ছেলে এবং বর্তমানে রূপগঞ্জের জলসিঁড়ি এলাকায় বসবাস করেন। জানা যায়, শুক্রবার রাতে নরসিংদীর মাধবদী থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন ফারুক। পথিমধ্যে আড়াইহাজারের পুরিন্দা এলাকায় পৌঁছালে তিন দুর্বৃত্ত বড় দু’টি রামদা দেখিয়ে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করে দু’টি মুঠোফোন ও নগদ ৬০ হাজার টাকা এবং মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি জানান, লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।
৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
ঝালকাঠির নলছিটিতে তিন কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত সাড়ে ৩টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন দক্ষিণ ভবানীপুর গ্রামের মাসুদ হোসেন ওরফে ঘোড়া মাসুদ (২৬) এবং পটুয়াখালীর মাদারবুনিয়ার গেরাখালী গ্রামের রাজু আহমেদ নাঈম (৩০)। পুলিশ সূত্র জানায়, বসতঘর তল্লাশি করে তিন কেজি ৩৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ওই দুই তরুণকে হাতেনাতে আটক করা হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা।
কুমিল্লার ১৭৬ মণ্ডপে বিজিবি মোতায়েন
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুমিল্লা সেক্টরের আওতাধীন ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব মণ্ডপের সুরক্ষায় ৩৯ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। গত শুক্রবার দুপুরে চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান এ তথ্য জানান। তিনি জানান, ৩১ প্লাটুন বিজিবি নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি ৮ প্লাটুন রিজার্ভ হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন পরিষদের সাথে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী দুর্গম এলাকায় দ্রুত আইনশৃঙ্খলা রক্ষা ও জরুরি সেবা দিতে বিশেষ ক্যাম্প স্থাপন করা হয়েছে। সভায় কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ ও চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। কুমিল্লা প্রতিনিধি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








