
ইংল্যান্ডের জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়ার রাতটি আরো স্মরণীয় করে রাখলেন হ্যারি কেইন। নিজের ১২৬তম আন্তর্জাতিক ম্যাচে গোল করে দলকে জেতালেন এই স্ট্রাইকার। তার পেনাল্টি গোলে ওয়েম্বলিতে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড।
বৃহস্পতিবার রাতে উয়েফা নেশনস লিগের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের আগে ইংল্যান্ডের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়া কেইনকে বিশেষভাবে সম্মান জানানো হয়।
ম্যাচের আগে প্রিন্স অব ওয়েলস ও পিটার শিলটন তাকে সম্মাননা দেন।
গত মাসে পিটার শিলটনের ১২৫ ম্যাচের রেকর্ড স্পর্শ করেছিলেন বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড। এবার তাকে ছাড়িয়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১২৬ ম্যাচ খেলার কীর্তি গড়লেন ৩৩ বছর বয়সী কেইন।
এদিকে ম্যাচের ২৪ মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। জুড বেলিংহামের বাড়ানো বল মাটিতে পড়ার আগেই জালে পাঠান মরগান রজার্স। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ক্রোয়েশিয়া। ৫৯তম মিনিটে জারেল কোয়ানসার দুর্বল হেডের সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরান পেতার সুকিচ। তবে তিন মিনিট পরই আবার এগিয়ে যায় ইংল্যান্ড।
কর্নার থেকে আসা বলে ক্রোয়েশিয়ার ইভান স্মলচিচ ফাউল করেন কোয়ানসাকে। ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পরামর্শে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ৬৪তম মিনিটে স্পট কিক থেকে গোল করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন কেইন।
ইংল্যান্ডের জার্সিতে এটি কেইনের ৯২তম গোল। টানা পাঁচ আন্তর্জাতিক ম্যাচে গোল করার কীর্তিও গড়েছেন তিনি। রেকর্ড গড়ার রাতে গোল করে দলের জয় নিশ্চিত করায় ওয়েম্বলির দর্শকদের কাছ থেকে বিশেষ অভ্যর্থনা পান ইংলিশ অধিনায়ক।
এই জয়ে আগামী মার্চে নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ এ-এর গ্রুপ ৪-এর দ্বিতীয় স্থানে তারা। পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন।
আগামী রোববার মাদ্রিদে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। ওই ম্যাচে জিততে পারলে গ্রুপের শীর্ষস্থানও দখল করতে পারবে থ্রি লায়ন্সরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








