নবীনগরে অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গত শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মো: মামুন মিয়া ও শাহজালাল মিয়া।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাজারের একটি মিষ্টির দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং প্রায় দুই ঘণ্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে মিষ্টির দোকান ও একটি প্লাস্টিক সামগ্রীর গুদামসহ দু’টি দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কেউ।
এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি তাকে কেউ আনুষ্ঠানিকভাবে জানাননি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা লিখিতভাবে আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।

Advertisement