পানছড়ি সীমান্তে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা 
খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকা থেকে একটি সাব-মেশিনগান (এসএমজি), ১০০ রাউন্ড গুলি ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)। গতকাল শনিবার পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
এতে বলা হয়, গত ১৬ অক্টোবর রাতে বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো: এমদাদুল হকের নেতৃত্বে বিজিবির একটি নিয়মিত টহলদল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। রাত প্রায় ৮টা ১৫ মিনিটে কচুছড়িমুখ এলাকায় পৌঁছালে টহলদলের সদস্যরা দূরে কয়েকজনের সন্দেহজনক উপস্থিতি দেখতে পান। 
কৌশলগতভাবে সামনে অগ্রসর হলে সীমান্তের কাছাকাছি পাহাড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে ১০-১২ জনের একটি দলকে সীমান্ত সড়কে নেমে আসতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা সীমান্ত সড়ক থেকে পার্শ্ববর্তী পাহাড়ের ঘন জঙ্গলে পালিয়ে যায়। 
এ সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মিলিমিটার এসএমজি, ১০০ রাউন্ড গুলি ও দু’টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পানছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয় বলে জানানো হয়েছে।  প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গোলাবারুদ পাচার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Advertisement