রামগতির মেঘনায় মা ইলিশ শিকারের মহোৎসব

 রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
জাতীয় সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চললেও তা উপেক্ষা করে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের মেঘনা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। স্থানীয় কিছু রাজনৈতিক নেতার ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের উদাসীনতার সুযোগ নিয়ে এ অবৈধ কর্মকাণ্ড চলছে।
গত শুক্রবার বিকেলে রামগতির বিবিরহাট, ওছখালী, ব্রিজঘাট, আলেকজান্ডার, টাঙ্কিরঘাট, বালুরচর, বাংলাবাজার এবং কমলনগরের মতিরহাট, নবীগঞ্জ, নাজিরগঞ্জ ও লুধুয়াসহ মেঘনার বিভিন্ন পয়েন্টে গিয়ে এ চিত্র দেখা যায়। জানা যায়, সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত এসব ঘাটে চলে কেনাবেচার হাট। বৃহস্পতিবার রাতে রামগতি বাজারসংলগ্ন মান্তাপাড়ায় গিয়ে দেখা যায়, শত শত বেপারি মাছ কেনার অপোয় আছেন। স্থানীয়দের অভিযোগ, জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি কর্মী ডলার নোমান ও হালিম মাঝি এবং যুবদল নেতা হুমায়ুন কবিরের নেতৃত্বে পরিচালিত সিন্ডিকেটের সহায়তায় প্রতিদিন ৩০টির বেশি নৌকা নদীতে নামে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা জানান, দলের কিছু নেতার এমন বেপরোয়া আচরণে তারা বিব্রত। অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম বলেন, রাজনৈতিক বিরোধের জেরে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, এর সাথে তিনি জড়িত নন। উপজেলা মৎস্য অফিস ও স্থানীয় প্রশাসন জানায়, নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement