
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব উত্তরের জামতলা গ্রামে তিন সন্তানের জননী হাসনেহেনা আক্তারের (৩০) রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ছেঙ্গারচর সরকারি কলেজের গণিত বিভাগের প্রভাষক মো: শাহাবুদ্দিনকে (৪৬) আটক করা হয়েছে।
পরিবার সূত্র জানা যায়, অন্য এক নারীর সাথে শাহাবুদ্দিনের পরকীয়া সম্পর্ক নিয়ে দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। এ নিয়ে হাসনেহেনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলেও তাদের দাবি। শনিবার সকালে প্রতিবেশীরা ঝুলন্ত অবস্থা থেকে লাশ নামিয়ে মেঝেতে শুইয়ে রাখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের খালা সালমা বেগম ও মা আফিয়া বেগম অভিযোগ করে বলেন, বিষয়টি পারিবারিক মীমাংসার চেষ্টা করেও সমাধান করা যায়নি। তাদের সন্দেহ, পরকীয়ার বিরোধের জেরে হাসনেহেনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা।
মতলব উত্তর থানার উপপরিদর্শক মো: বাবুল জানান, পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা ঝুলন্ত লাশ উদ্ধার করেন। এ সময় গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া বলেন, নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








