দুর্গাপুরে সাংবাদিক আলিফের খুনিদের বিচার দাবিতে মানববন্ধন
দুর্গাপুরে সাংবাদিক আলিফের খুনিদের বিচার দাবিতে মানববন্ধন।

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা 
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নির্মমভাবে নিহত বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘রূপসী বাংলা’র উপজেলা প্রতিনিধি ও অপরাধ অনুসন্ধানবিষয়ক ফেসবুক পেজ ‘ডিটেকটিভ আর্টিকেল’-এর পরিচালক লুৎফুজ্জামান আলিফ ফকিরের (৪০) হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল দুপুরে দুর্গাপুর প্রেস ক্লাবের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। দুর্গাপুর প্রেস ক্লাবের সহসভাপতি মো: মোহন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: মাসুম বিল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কামাল হোসাইন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, সাংবাদিক ধনেশ পত্রনবীশ ও সাংবাদিকরা। 
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আলিফ ফকির সব সময় স্থানীয় চোরাচালান, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সত্য ঘটনা প্রকাশ করে আসছিলেন। এর জের ধরেই তাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। মামলার এজাহার দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের উত্তরাইল বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলিফ নিহত হন।

Advertisement