
নিজস্ব প্রতিদেক
বকেয়া বেতন পরিশোধ ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতনের দাবিতে টানা পঞ্চম দিনের মতো রাজধানীর উত্তরায় রাজপথে নামার চেষ্টা করেছেন পোশাক শ্রমিকেরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উত্তরা রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত শ্রমিকদের হামলায় ১৯ জন পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং শিল্প পুলিশের এক সদস্যকে পিটিয়ে হাত ভেঙে দেয়া হয়েছে। এ ছাড়া সংঘর্ষ চলাকালে শিল্প পুলিশের দু’টি গাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে উত্তরা উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কসাইবাড়ি রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট ও জসিমউদদীন মোড়ে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে তারা রাজলক্ষ্মী সংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে একত্র হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশ অবরোধের চেষ্টা করেন। শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিতে গেলে পুলিশ শুরুতেই বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।
সংঘর্ষের একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের প্রতিহত করতে গেলে শ্রমিকরা ইট-পাটকেল ছোড়ে এবং পুলিশকে লক্ষ করে চড়াও হয়। এতে ১৯ জন পুলিশ সদস্যসহ আহত হন অন্তত অর্ধশতাধিক ব্যক্তি। সংঘর্ষ চলাকালে শিল্প পুলিশের দু’টি গাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে আন্দোলনকারীরা। এ সময় উত্তেজিত শ্রমিকদের পিটুনিতে শিল্প পুলিশের এক সদস্য গুরুতর আহত হন এবং তার হাত ভেঙে যায়। পরিস্থিতি তীব্র রূপ নিলে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো: রেজাউল করিম জানান, শ্রমিকরা রাজপথে নামার চেষ্টা করলে জনদুর্ভোগ এড়াতে পুলিশ বাধা দেয়। তখন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও শিল্প পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আন্দোলনে সহিংসতা ও হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে। বর্তমানে রাজলক্ষ্মীসহ পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ দিকে মাসিক সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধির দাবিতে গত সোমবার থেকে উত্তরার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছেন আন্দোলনরত পোশাকশ্রমিকেরা। এর আগে গত বুধবার আজমপুরে প্রায় আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধের ফলে জসিমউদদীন পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল এবং গত বৃহস্পতিবারও আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় পুলিশ টিয়ার শেল ছুড়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








