সৎ নেতৃত্ব ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান সেলিম উদ্দিনের

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

নগরবাসীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, জনগণের টাকা লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়বে না এমন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতিবাজদের নেতৃত্বে না এনে জনগণের কল্যাণে কাজ করবেন, এমন যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে।
গত রাতে রাজধানীর মিরপুর-১১-এর ডি ব্লকে বায়তুল এহতেরাম মসজিদ এলাকায় জামায়াতে ইসলামী পল্লবী মধ্য থানা শাখার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। নগর ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, বর্জ্যকে অভিশাপ হিসেবে না দেখে সম্পদে পরিণত করার উদ্যোগ নিতে হবে। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশদূষণ রোধের পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। 
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ তুলে সেলিম উদ্দিন বলেন, নগরবাসীর সেবা নিশ্চিত করতে আল্লাহভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। মানুষ যেন অন্যের কাছে হাত না পেতে সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারে, সে জন্য কর্মসংস্থান সৃষ্টি ও যুবকদের চাকরির ব্যবস্থা করতে হবে। নির্বাচিত হলে নগরবাসীর কল্যাণে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। একই সাথে চিকিৎসাব্যবস্থার উন্নয়ন, রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী মধ্য থানা জামায়াতের আমির রইসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জোন পরিচালক অধ্যক্ষ নাছির উদ্দিন, থানা সেক্রেটারি জুবায়ের হোসাইন রাজন এবং ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন খান সজল।