ডিপ্লোমা প্রকৌশলীদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবি এফডিইবির

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, প্রকৌশল খাতে বৈষম্য ও অস্থিরতা নিরসন, সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে চলমান শিক্ষাবর্ষ থেকেই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ভর্তির কোটা ও সুযোগ নিশ্চিত করা এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির দ্রুত নির্বাচনের দাবিতে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) গতকাল জাতীয় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেছে।
কর্মসূচিতে বক্তারা বলেন, ১০ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী পদ বিএসসি প্রকৌশলীদের জন্য উন্মুক্ত করা হলে বিপুলসংখ্যক ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মসংস্থান, পদোন্নতির সুযোগ ও পেশাগত অগ্রগতি ক্ষতিগ্রস্ত হবে। কারিগরি শিক্ষায় অধ্যয়নরত ডিপ্লোমা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হবে। ফলে প্রকৌশল খাতে অস্থিরতা বৃদ্ধি এবং সরকারের মর্যাদা ক্ষুণেœর আশঙ্কা রয়েছে। 
১৯৭৮ ও ১৯৯৪ সালের সরকারি আদেশের (জিও) উল্লেখ করে তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ১০ম গ্রেডে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ এবং ৩৩ শতাংশ পদোন্নতিসহ প্রাপ্য অধিকার থেকে কোনো অবস্থাতেই বঞ্চিত করা যাবে না।
ডিপ্লোমা প্রকৌশলী নেতারা বলেন, একই সাথে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে অযৌক্তিক ও একতরফা নিয়োগবিধি সংশোধন করে ডিপ্লোমা প্রকৌশলীদের পদসংখ্যা ও পদোন্নতির সুযোগ সঙ্কুচিত করে তাদের দীর্ঘদিনের অর্জিত অধিকার খর্ব করা হচ্ছে। 
পিডিবি, ডিপিডিসি, ডেসকোসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েক হাজার পদে ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগের প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। বৈষম্যমূলক ‘নিয়োগবিধি/পদোন্নতিতে জ্যেষ্ঠতা নীতিমালা’ প্রণয়নের মাধ্যমে বিভিন্ন সংস্থায় ডিপ্লোমা প্রকৌশলীদের জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগও রয়েছে। এ ছাড়া হয়রানিমূলক মামলার অজুহাতে শত শত উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ আটকে রাখা হয়েছে।
তারা বলেন, এফডিইবি বিভিন্ন সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ১০ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী পদ সবার জন্য উন্মুক্ত করার যেকোনো প্রস্তাব, উদ্যোগ বা অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। একই সাথে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত পদ, দায়িত্ব ও পেশাগত অধিকার সংরক্ষণে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং জনবলকাঠামো যথাযথভাবে অনুসরণ করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন এফডিইবি কেন্দ্রীয় সভাপতি ও আইডিইবির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো: আব্দুছ ছাত্তার শাহ, সহসভাপতি প্রকৌশলী মির্জা মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন, যুগ্ম সম্পাদক প্রকৌশলী মোস্তফা কামাল কেন্দ্রীয় প্রচার ও জনসংযোগ সম্পাদক ইয়াসিন আহমেদ, জাতীয় কমিটির সদস্য প্রকৌশলী ফিরোজ আহমেদ প্রমুখ।