
নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর হিন্দু সম্প্রদায়ের ভোট নিয়ে দেয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। গতকাল এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেন, হিন্দু সম্প্রদায়ের ভোটে জয়ী হওয়ার কথা উল্লেখ করে তাদের ‘ধরে রাখার দায়িত্ব’ নেয়ার বক্তব্য আপত্তিকর, অনভিপ্রেত ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী।
বিবৃতিতে তিনি বলেন, কোনো ধর্মীয় সম্প্রদায় কোনো রাজনৈতিক দলের নিজস্ব ভোটব্যাংক নয়। নাগরিকের ভোট তার স্বাধীন রাজনৈতিক অধিকার। এটি কোনো দল বা ব্যক্তির দয়া, অনুগ্রহ কিংবা স্থায়ী রাজনৈতিক সম্পত্তি হতে পারে না।
মাওলানা মুসা বিন ইযহার বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ এ দেশের সমঅধিকারসম্পন্ন নাগরিক। তাদের জানমাল, নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা, মর্যাদা ও নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো রাজনৈতিক দলকে ভোট দেয়া বা না দেয়ার সাথে এসব অধিকারকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত করার সুযোগ নেই। একজন দায়িত্বশীল মন্ত্রীর বক্তব্যে এমন ধারণা তৈরি হওয়া উচিত নয় যে, কোনো সম্প্রদায়ের প্রতি রাষ্ট্রের দায়িত্ব তাদের রাজনৈতিক আনুগত্যের ওপর নির্ভরশীল।
তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নাগরিকদের ভোটের হিসাব কষে রাজনৈতিক কৃতিত্ব দাবি করার প্রবণতা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কল্যাণকর নয়। মুসলিম, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান- প্রত্যেক নাগরিকের নিজের বিবেক, রাজনৈতিক বিশ্বাস ও পছন্দ অনুযায়ী ভোট দেয়ার অধিকার রয়েছে। জনগণের আস্থা অর্জন করতে হবে নীতি, আদর্শ, জনসেবা ও সুশাসনের মাধ্যমে; ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক লাভ-ক্ষতির সমীকরণে পরিণত করে নয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








