
পুলক চক্রবর্তী রাঙ্গামাটি
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে চার দিন পর পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। গতকাল শুক্রবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই প্রায় ৮০০ পর্যটক সাজেকে প্রবেশ করেছে। এতে দীর্ঘ চার দিনের স্থবিরতা কাটিয়ে স্থানীয় পর্যটন ব্যবসা, রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহন খাতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিরাপত্তাসহ বিভিন্ন কারণে গত চার দিন সাজেকে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এতে অনেক পর্যটকের ভ্রমণ পরিকল্পনা অনিশ্চয়তার মধ্যে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শুক্রবার থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। এরপর সকাল থেকেই খাগড়াছড়ি হয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে সাজেকের দিকে পর্যটকবাহী যানবাহন চলাচল শুরু করে।
সাজেক কটেজ-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেববর্মন জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই প্রায় ৮০০ পর্যটক সাজেকে পৌঁছেছেন। পাহাড়ের বুকজুড়ে মেঘের ভেলা আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অনেক পর্যটক আগাম বুকিংও করে রেখেছেন। পর্যটকদের বরণ করতে স্থানীয় কটেজ, রেস্তোরাঁ ও পরিবহনসংশ্লিষ্টরা প্রস্তুতি নিয়েছেন।
পর্যটকদের নিরাপত্তার বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তাব্যবস্থায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে। পর্যটকেরা যাতে নির্বিঘেœ ভ্রমণ করতে পারেন, সে জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যরা সদা সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে পর্যটকদের আগমনে স্বস্তি ফিরেছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে। চার দিন পর্যটক প্রবেশ বন্ধ থাকায় পর্যটননির্ভর ব্যবসায়ীদের আয়-রোজগারে স্থবিরতা দেখা দিয়েছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আবারও ব্যবসা জমে ওঠার আশা করছেন তারা।
সংশ্লিষ্টরা আশা করছেন, আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী দিনগুলোতে পর্যটকের সংখ্যা আরো বাড়বে। এতে স্থানীয় অর্থনীতি ও পর্যটন ব্যবসায় গতি ফিরবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








