
ক্রীড়া প্রতিবেদক
বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর লাইসেন্স না থাকা। এই সুবাদেই এবারের এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে খেলার সুযোগ পায় ফর্টিস এফসি। আগস্টে বসুন্ধরা কিংস এরিনায় অনুষ্ঠিত সেই প্রিলিমিনারি রাউন্ডই ছিল ক্লাবটির ইতিহাসে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সেই ম্যাচে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে ১-০তে হারিয়ে গ্রুপ পর্বে কোয়ালিফাই করেছে ফর্টিস এফসি। আজ তাদের প্রথম সেই গ্রুপ পর্বের ম্যাচ। প্রতিপক্ষ স্বাগতিক কুয়েতের আল কাদেসিয়া ক্লাব। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় হবে এই ম্যাচ।
যেহেতু ম্যাচ ওই সময়ে তাই গতকাল বাংলাদেশী ক্লাবটি অনুশীলনও করেছে রাত সাড়ে ১১টায়। জানান ক্লাবটির ফুটবল ম্যানেজার রাশেদুল ইসলাম। কুয়েত লিগের ১৭ বারের চ্যাম্পিয়ন এই কাদেসিয়া। মধ্য প্রাচ্যের দেশটির অন্যতম পুরনো ক্লাব এটি। ফর্টিসের এটি প্রথম আন্তর্জাতিক আসর হলেও কাদেসিয়া ২০০৬ সাল থেকেই খেলে আসছে এএফসির আসরে। ২০১৪ সালের এএফসি কাপের চ্যাম্পিয়ন তারা।
ফর্টিসের ম্যানেজার রাশেদ জানান, অবশ্যই অনেক শক্তিশালী দল কুয়েতের কাদেসিয়া। তবে আমরা যদি আমাদের স্বাভাবিক খেলা উপহার দিতে পারি তাহলে জেতাটা অসম্ভব নয়। তার দেয়া তথ্য, কাদেসিয়া ভালো দল হলেও আমাদের বেশ সমীহ করছে। গুরুত্ব দিচ্ছে আমাদের। তাদের চলনবলন-কথাবার্তায় ফর্টিসকে সমীহ করার চিত্র ফুটে উঠেছে।
এএফসি চ্যালেঞ্জ লিগের ‘সি’ গ্রুপে পড়েছে ফর্টিস। তাদের অপর দুই প্রতিপক্ষ ভারতের এফসি গোয়া ও তাজিকিস্তানের রেগার টাডাজ। পাঁচ গ্রুপের পাঁচ চ্যাম্পিয়ন ও তিন বেস্ট রানার্সআপ দল খেলবে নক আউটে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








