
- পিডব্লিউডি ০-২ মোহামেডান
- সিটি ক্লাব ০-৩ বসুন্ধরা কিংস
সবার পরে অনুশীলন শুরু। এরপরও তিন ম্যাচেই পয়েন্ট তালিকার শীর্ষে চলে এসেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অবশ্য সাদা কালো শিবির এককভাবে এই শীর্ষে নয়। তারা বাংলাদেশ পুলিশের সাথে যৌথভাবে। দুই দলের পয়েন্ট সমান ৯ করে হলেও গোলে এগিয়ে পুলিশ। অবশ্য পুলিশ যদি আজ আরামবাগের বিপক্ষে জিতে যায় তাহলে তারাই একক ভাবে উপরে চলে যাবে। যদিও তারা এক ম্যাচ বেশি খেলেছে। কাল দর্শকপ্রিয় দলটি ২-০তে হারিয়েছে পিডব্লিউডিকে। গতকাল অপর ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে ৩-০তে জয় বসুন্ধরা কিংসের। টানা দুই জয়ে বসুন্ধরা কিংস এখন ফর্টিস এফসির সাথে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে চলে এসেছে। ফর্টিসের অবশ্য এই চতুর্থ রাউন্ডে কোনো খেলা নেই। তারা এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে কুয়েতে অবস্থান করছে।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম সিটি ক্লাবের হোম গ্রাউন্ড। এই মাঠে বসুন্ধরা কিংসের বিপক্ষে প্রথমার্ধ গোল শূন্য রেখেছিল বিএফএলে নবাগত সিটি ক্লাব। তবে বিরতির পর আর রুখতে পারেনি লিগ চ্যাম্পিয়নদের। ৪৯ মিনিটে ব্রাজিলিয়ান রবসন রবিনহোর গোলে নতুন হেড কোচ জোবায়ের আলম নিপুর দলের এগিয়ে যাওয়া। ৭২ মিনিটে পেনাল্টি থেকে স্কোর দ্বিগুণ করেন নাইজেরিয়ান এমেকা অগবগ। তাকে বক্সে ফাউল করেন সিটি ক্লাবের ডিফেন্ডার ফরহাদ মিয়া। ফলে রেফারির দেয়া পেনাল্টির নির্দেশ থেকে গোল এমেকার। আর দলের হয়ে ইনজুরি টাইমে ( ৯৪ মি.) তৃতীয় গোলটি করেন কানাডা প্রবাসী ক্রিকেটার হালিম শাহ-এর ছেলে সৈয়দ শাহ কাজেম কিরমানী। কাজেম শাহ-এর এই গোলের উৎস ছিলেন মিডফিল্ডার আবদুল্লাহ।
মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে মোহামেডান মুখোমুখি হয়েছিল পিডব্লিউডির। এই ম্যাচেও প্রথম ৪৫ মিনিট কোনো দল গোল পায়নি। ৪৭ মিনিটে গোলের দেখা পায় মোহামেডান। গোলদাতা সোলেমান দিয়াবাতে। এরপর ৭৮ মিনিটে স্কোর দ্বিগুণ করেন মিনহাজুল আবেদীন রাকিব।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








