
রফিকুল হায়দার ফরহাদ
আবার বাংলাদেশ আয়োজন করছে আইএইচএফ নির্ধারিত নারী হ্যান্ডবল প্রতিযোগিতা। আন্তর্জাতিক এই আসরের যাত্রা শুরু হবে আগামীকাল থেকে। চার দলের এই আসরের অন্যতম ফেবারিট দল বাংলাদেশ। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যেতে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন বাংলাদেশ নারী দলের জন্য বিদেশী কোচ নিয়োগ দেয়া হয়েছে। বাংলাদেশ দলের অধিনায়ক ইসমাত আরা নিশি জানান, ‘এই প্রথম আমরা বিদেশী কোচ পেলাম।’ সেই বিদেশী কোচ হলেন স্পেনের আনা আলোনসো ফ্রাগুয়া। স্পেন জাতীয় দলের সাথে এনালিস্ট হিসেবে দায়িত্ব পালন করা এই আনার বাংলাদেশে আসা দুই মাস হলো। এই দুই মাসে বাংলাদেশে থেকে আনার প্রতিক্রিয়া, বাংলাদেশ দলকে ভালো করতে হলে প্রচুর বছর আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে।’
স্পেনের ভিগো শহরে জন্ম তার। আমরা ফুটবলে সেল্টা ভিগো নামের যে স্প্যানিশ ক্লাবের নাম জানি সেটি এই ভিগো শহরেরই। তবে ফুটবলটা মোটেই প্রিয় নয় এই আনা আলোনসোর কাছে।
৮ বছর স্পেন জাতীয় দলের বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। আর যুব হ্যান্ডবল দলের ছিলেন হেড কোচ। তবে স্পেন জাতীয় দলে কখনই খেলা হয়নি আনার। খেলেছেন ক্লাব পর্যায়ে। দেশের শীর্ষ পর্যায়ে লিগ তথা প্রথম বিভাগ লিগে। ভিগো শহরেরই পরেনিয়ো ক্লাবে। এখন বাংলাদেশে এসেছেন। এই প্রথম কোনো জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নেয়া।
বাংলাদেশ দল সম্পর্কে তার মূল্যায়ন, এই খেলোয়াড়রা চেষ্টা করছে ভালো করার জন্য। তবে তাদের বেশি বেশি করে আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে। বছরে একটি টুর্নামেন্ট খেললে হবে না। অভিজ্ঞতা বাড়ানোর জন্য বছরব্যাপী টুর্নামেন্ট খেলা জরুরি। তাহলেই পরের স্তরে যাওয়া সম্ভব। যোগ করেন, ‘দেশেও খেলতে হবে আরো বেশি বেশি লিগ ও টুর্নামেন্ট। যদি শুধুই এক দুই মাসব্যাপী অনুশীলন আর ম্যাচ খেলা হয় তাহলে একটি বৃত্তেই আটকে থাকতে হবে।’
এবারের আসরে বাংলাদেশের লক্ষ্য ফাইনালে খেলা। কোচ আনাও জানান, আমারও টার্গেট ফাইনাল পর্যন্ত পৌঁছা। তবে এ জন্য এগোতে হবে ধাপে ধাপে। আমাদের প্রথম ম্যাচ নেপালের বিপক্ষে এরপর ভারত। লিগ শেষ খেলা মালদ্বীপের বিপক্ষে। তাই আমার প্রথম লক্ষ্য উদ্বোধনী ম্যাচে নেপালকে হারানো। এরপর বাকি ম্যাচগুলো নিয়ে পরিকল্পনা। তবে অবশ্যই আমরা ফাইনালে খেলতে চাই। যতটুকু জানি অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল।
সবাই স্পেনকে ফুটবল পাগল জাতি হিসেবে জানে। সর্বশেষ বিশ্বকাপ জয়ী তারা। দেশের দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুনিয়াজুড়ে পরিচিত। সেই দেশের হ্যান্ডবল খেলোয়াড় ছিলেন আনা। তার দেয়া তথ্য, স্পেনে ফুটবলের পরেই জনপ্রিয় খেলা হলো হ্যান্ডবল। তাই আমিও এই খেলা এসেছি। এ ছাড়া ফুটবলও পছন্দের।, জানান, আমি অবশ্য ফুটবল খেলার চেয়ে দেখতেই বেশি পছন্দ করি।’ তিনি স্মরণ করিয়ে দেন স্পেন কিন্তু নারী ও পুরুষ ফুটবল দু’টিতেই বিশ্বচ্যাম্পিয়ন দল এই মুহূর্তে।
আনার নিজ শহরেরই ক্লাব সেল্টা ভিগো। স্বাভাবিকভাবেই এই ক্লাব তার প্রিয়। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে তিনি বার্সেলোনাকে সমর্থন করেন।
এবারের বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে। সেই ম্যাচ তিনি টিভি পর্দায় দেখেছেন। জানান, শুধু ম্যাচে ভালো খেললেই হবে না। মাঝে মধ্যে জেতার ভাগ্যও লাগে।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন অপেক্ষাকৃত কম বেতনে আনাকে পেয়েছে। ফেডারেশনের ইচ্ছে এপ্রিলের এসএ গেমস পর্যন্ত বিদেশী কোচের হাতে দায়িত্ব ছেড়ে দিতে। যদি এএইচএফ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো করে তাহলে হয়তো আনাকে রেখে দেবে ফেডারেশন। আনার জবাব, দেখা যাক কি হয় পরে। আমি এখন এত লম্বা সময় নিয়ে ভাবছি না। আমার চিন্তায় আগামীকাল, পরশু এ রকমই।
দুই মাসে বাংলাদেশ সম্পর্কে ভালোই ধারণা হয়ে গেছে আনার। দুই একটি বাংলা ভাষাও জানেন। তা ব্যবহারও করছেন। এরপর ঢাকার ট্রাফিক জ্যামে অসন্তুষ্ট তিনি। জানান, এই অতিরিক্ত ট্রাফিক জ্যাম খুবই বিরক্তিকর। এর পরও উল্লেখ করেন, তবে খাবার হিসেবে ‘কাচ্চি ভাই’ (কাচ্চি বিরিয়ানি) আমার খুবই প্রিয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








