
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) নির্বাচনে নজিরবিহীন ভোট জালিয়াতি, অনিয়ম, দলীয় লোকজন দিয়ে ভোট গ্রহণ এবং প্রার্থী ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী একটি প্যানেলের প্রার্থীরা। এসব ঘটনার জন্য সরকার-সমর্থিত হলুদ প্যানেল ও নির্বাচন কমিশনকে দায়ী করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।
শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন আইইবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা। এ সময় নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন অনিয়মের তথ্য-উপাত্ত ও ভিডিও ফুটেজও উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাকা সেন্টারের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রকৌশলী মো: আতিকুর রহমান বলেন, ‘দীর্ঘদিন পর অনুষ্ঠিত আইইবির ২০২৭-২৮ সেশনের নির্বাচনে বিপুলসংখ্যক প্রকৌশলী, বিশেষ করে নবীন প্রকৌশলীদের উপস্থিতি ছিল আশাব্যঞ্জক। কিন্তু নির্বাচন কমিশন ও সরকার-সমর্থিত হলুদ প্যানেলের যোগসাজশে পুরো নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে।’
তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগের দিন প্রার্থীদের সাথে কোনো আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট না রাখার সিদ্ধান্ত নেয়। অথচ নির্বাচনী তফসিলে এজেন্ট নিয়োগের সুযোগ রাখা হয়েছিল। এ সিদ্ধান্তকে তফসিলের সাথে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সরকার-সমর্থিত প্যানেলের পক্ষে ভোট দেয়ার জন্য নির্বাচনের আগের রাতে সরকারি চাকরিজীবী প্রকৌশলীদের কাছে বার্তা পাঠানো হয়। একইসাথে ব্যালটে ভোট দেয়ার পর তার ছবি তুলে সংশ্লিষ্টদের কাছে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছিল।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, নির্বাচনের দিন সকাল থেকেই হলুদ প্যানেলের কয়েকজন প্রার্থী মারমুখী আচরণ করেন। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সেক্রেটারি পদপ্রার্থী ইমরুল কায়েস পরাগ, কাউন্সিল মেম্বার পদপ্রার্থী ইসমাইলসহ কয়েকজনের ওপর একাধিকবার চড়াও হওয়ার অভিযোগ করা হয়।
প্রার্থীদের দাবি, আইইবি ভবনের ষষ্ঠ তলায় জাল ভোট দেয়ার অভিযোগ পেয়ে কয়েকজন প্রার্থী সেখানে গিয়ে প্রায় চার হাজার ব্যালটের মুড়ি দেখতে পান। এ সময় সংশ্লিষ্ট কয়েকজনকে আটক করা হলেও নির্বাচন কমিশনের এক সদস্য হলুদ প্যানেলের প্রার্থীদের নিয়ে সেখানে পরিস্থিতি তৈরি করে তাদের ছাড়িয়ে নিয়ে যান বলে অভিযোগ করা হয়।
এছাড়া একজনের কার্ড দিয়ে অন্যজনের ভোট দেয়া, একই ব্যক্তি একাধিক ভোটার কার্ড সংগ্রহ, একই টোকেন একাধিকবার ব্যবহার এবং একই টোকেনে একাধিক ব্যালট ইস্যু করার অভিযোগও তোলেন তারা। হলুদ প্যানেলের পক্ষে জাল ভোট দিতে একজন অপ্রকৌশলী তরুণকে পাঠানো হয়েছিল বলেও দাবি করা হয়। তবে তিনি ধরা পড়েন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ভোট গ্রহণে দায়িত্ব পালনকারীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রার্থীরা। তাদের অভিযোগ, পোলিং অফিসার হিসেবে সরকারি বিভিন্ন প্রকৌশল দফতরের কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছিল। ফলে সংশ্লিষ্ট দফতরের নির্দেশনায় তারা সরকার-সমর্থিত প্যানেলের পক্ষে কাজ করেছেন বলে তাদের আশঙ্কা।
সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, ইয়ং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ার পর প্রায় আধা ঘণ্টা দেরিতে নতুন ব্যালট সরবরাহ করা হয়। এটিকে পরিকল্পিত ঘটনা বলে দাবি করেন তারা। শেষ দিকে অনেক ভোটারকে টোকেন দেয়া হলেও ব্যালট না পাওয়ায় তারা ভোট দিতে পারেননি বলেও অভিযোগ করা হয়।
নির্বাচন কমিশনের কক্ষেও অনিয়মের অভিযোগ তোলেন প্রার্থীরা। তাদের ভাষ্য, কমিশনের সদস্য ছাড়া অন্যদের সেখানে প্রবেশ নিষিদ্ধ থাকলেও হলুদ প্যানেলের লোকজনকে অবাধে প্রবেশ ও বের হতে দেখা গেছে। এছাড়া জাল ভোট ঠেকানোর চেষ্টা করায় স্কাউট সদস্যদের ওপর হামলা, সাংবাদিকদের ওপর হামলা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগও করেন তারা।
প্রার্থীদের অভিযোগ, ভোটারদের স্লিপ ও ব্যালট মিলিয়ে দেখার সুযোগ দেয়া হয়নি, যাতে জাল ভোট শনাক্ত করা না যায়। বিশেষ করে টেক্সটাইল ডিভিশনে সিইসির অনুমোদন বা নির্ধারিত কার্ড ছাড়াই ব্যালট পেপার ইস্যু করা হয়েছে বলে দাবি করেন তারা। এ বিষয়ে প্রতিবাদ ও প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ করা হয়।
ভোট গণনার আগে ও পরে অ্যাবের সভাপতি শাহরিন ইসলাম তুহিন ও সেক্রেটারি হাবলুর নেতৃত্বে প্রভাব বিস্তার করে ফলাফল হলুদ প্যানেলের পক্ষে নেয়ার আয়োজন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে ভোটের বিভিন্ন অনিয়মের তথ্য-উপাত্ত ও ভিডিও ফুটেজ তুলে ধরেন ঢাকা সেন্টারের সেক্রেটারি প্রকৌশলী মাহমুদুর রহমান শাহিদ। সম্মানী সাধারণ সম্পাদক ও এলজিইডির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রকৌশলী মো: নুরুল হুদা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন এইচজিএস (একাডেমিক অ্যান্ড ইন্টারন্যাশনাল) পদপ্রার্থী প্রকৌশলী শাহ ফয়সাল বিন রহমান, এইচজিএস (সার্ভিস অ্যান্ড ওয়েলফেয়ার) পদপ্রার্থী মো: রেজাউল করিম, এইচজিএস (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) পদপ্রার্থী প্রকৌশলী মো: শরীফুল ইসলাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক টেলিকম ক্যাডার প্রকৌশলী এস এম ফরহাদ, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী মনিরুল মাওলা, সেক্রেটারি পদপ্রার্থী প্রকৌশলী মো: নুর নবী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সেক্রেটারি প্রকৌশলী মাহফুজ আলম, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সেক্রেটারি প্রকৌশলী ইমরুল কায়েস পরাগ এবং ইয়ং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের সেক্রেটারি পদপ্রার্থী প্রকৌশলী মুহিবুল ইসলাম ফাহিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় কাউন্সিলের বিপুলসংখ্যক প্রার্থী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








