
নিজস্ব প্রতিবেদক
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। হিন্দু আচার অনুযায়ী, মহালয়া, বোধন আর সন্ধিপূজা-এ তিন পর্ব মিলে দুর্গোৎসব। আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ দিনে মহাষষ্ঠী থেকে শুরু হয়ে দশম দিনে বিজয়া দশমী পর্যন্ত দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা থাকে পাঁচ দিন। তবে এবার মহাসপ্তমী তিথি শনি ও রোববার দু’দিন বিস্তৃত হওয়ায় এবারের এ আনন্দোৎসব চলবে ছয় দিন।
গতকাল মহাষষ্ঠীতে বেলতলায় ত্রিনয়নী দেবীর নিদ্রাভঙ্গের আবাহন বা বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আচার পর্ব শুরু হয়। ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে শুরু হয় মূল আচার। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মণ্ডপে মণ্ডপে বাজছে ঢাক ও কাঁসর। ফুল, ধূপ ও আগরবাতির সৌরভ ছড়িয়ে পড়ছে। শঙ্খধ্বনিতে মুখর মণ্ডপ প্রাঙ্গণ। দেবী দুর্গার আগমনীর আসায় উলুধ্বনি দিয়ে মেতে উঠেছেন ভক্তরা। একপাশে চলছে ধর্মীয় সঙ্গীত, অন্যপাশে জ্বলছে প্রদীপ ও মোমবাতি। শিশু থেকে বৃদ্ধ, সব বয়সী পুণ্যার্থী প্রতিমার সামনে আসছেন। খালি পায়ে করজোড়ে দেব-দেবীকে প্রণাম করছেন। কেউ কেউ আবার দেবীর সাথে তুলছেন সেলফি।
আজ শনিবার সপ্তমীতে নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের পর শুরু হবে মহাসপ্তমীর পূজা। এবার মহাসপ্তমী তিথি শনি ও রোববার দু’দিন হওয়ায় রোববারও সপ্তমী পূজা হবে। সোমবার মহাঅষ্টমী পূজা, সেদিন হবে সন্ধিপূজা। মঙ্গলবার বিহিত পূজার মাধ্যমে হবে মহানবমী পূজা। আর বুধবার দর্পণ বিসর্জনের পর মূর্তি বিসর্জনের মাধ্যমে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা।
হিন্দু বিশ্বাস অনুযায়ী, দশভূজা দেবী দুর্গা অসুর বধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন। সন্তানদের নিয়ে পক্ষকাল পিতার গৃহে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ে।
শাস্ত্র মতে, এবার দেবী দুর্গার আগমন ঘোটকে (ঘোড়ায়) এবং গমন নৌকায় হিন্দুদের বিশ্বাস। দেবীর ঘোড়ায় আগমন ছত্রভঙ্গ বা অস্থিতিশীলতা ও যুদ্ধের আশঙ্কার ইঙ্গিত দেয়। অন্য দিকে নৌকায় গমনকে শুভ বলে মনে করা হয়, যা সাধারণত বন্যা বা শস্যবৃদ্ধির ইঙ্গিত।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ বলেন, এবার ঢাকায় ২৫৮টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ছিল ২৫৯টি, সে হিসেবে মহানগরীতে একটি পূজা কমেছে। আর সারা দেশে সর্বমোট ৩৩ হাজার ৮৫১টি পূজার আয়োজন হচ্ছে, গত বছর এই সংখ্যা ছিল ৩৩ হাজার ৩৫৫টি। অর্থাৎ সারা দেশে পূজা বেড়েছে ৪৯৬টি।
হিন্দু সম্প্রদায়ের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এ বছর নির্বাহী আদেশে দুর্গাপূজার ছুটি তিন দিন বাড়িয়েছে। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সাথে এ বাড়তি ছুটি যুক্ত হয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিন ছুটি পাওয়া যাবে।
এ দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যক্ষ নির্দেশনার মাধ্যমে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








