
নয়া দিগন্ত ডেস্ক
ভারতের দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে কংগ্রেস ও তার মিত্রদের বিরুদ্ধে সরকার অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার দাবি, ‘রাজনৈতিক অস্থিরতা’ তৈরি করে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার আদলে ভারতে সরকার পরিবর্তনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিরোধীরা। শুক্রবার লখনৌতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
রাজনাথের দাবি, নির্বাচনী সংস্কার ও নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের বিরোধিতার নামে তরুণদের রাজনৈতিক সংঘাতের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, দেশের তরুণদের বিশৃঙ্খলার রাজনীতিতে দাবার ঘুঁটি বানানোর চেষ্টা চলছে। কেউ কেউ বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাকে মডেল হিসেবে নিয়ে সরকার পরিবর্তনের চেষ্টা করছে বলে প্রকাশ্যেই স্বীকার করেছে। আবার কেউ সরাসরি সরকার পতনের ডাক দিচ্ছে।
রাজনাথের ভাষ্য, বিরোধীদের লড়াই নির্বাচনী সংস্কার, এসআইআর কিংবা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নয়। বরং দেশে অরাজকতা সৃষ্টি করে ক্ষমতা দখল করাই তাদের উদ্দেশ্য। এর মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও আক্রমণ করেন রাজনাথ সিং। তার অভিযোগ, নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে রাহুল রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছেন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণœ করছেন।
রাজনাথ বলেন, রাজনৈতিক স্বার্থে ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে বলির পাঁঠা বানানো যাবে না। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলে বা রাজনৈতিক সুযোগসন্ধানী আচরণের মাধ্যমে ভারতের উন্নয়নযাত্রা বাধাগ্রস্ত করা সম্ভব নয়। বিঘœ সৃষ্টির রাজনীতি বাদ দিয়ে রাহুল গান্ধীর উচিত জনগণের রায়কে সম্মান করা এবং নিজের রাজনৈতিক ভূমিকা নিয়ে আত্মসমালোচনা করা।
ভোটার তালিকায় অনিয়ম নিয়ে রাহুল গান্ধীর অভিযোগেরও জবাব দেন প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথের দাবি, ভোটার তালিকা নিয়ে অভিযোগের পক্ষে কংগ্রেস কোনো আনুষ্ঠানিক আপিল করেনি। কারণ, এসব অভিযোগের পক্ষে তাদের কাছে যথেষ্ট প্রমাণ নেই।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








