
প্রযুক্তি ডেস্ক
বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ট্রেড-ট্রাস্ট রেডি পার্টনার এর স্বীকৃতি পেয়েছে স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড (এসএসসিএল)। আন্তর্জাতিক বাণিজ্যে নিরাপদ, আন্তঃসংযুক্ত ও কাগজবিহীন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এ স্বীকৃতিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।
সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (আইএমডিএ) তৈরি ট্রেড-ট্রাস্ট একটি আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্য কাঠামো। এর মাধ্যমে বিভিন্ন দেশ ও প্রযুক্তি প্ল্যাটফর্মের মধ্যে ইলেকট্রনিক বাণিজ্যিক নথি নিরাপদে আদান-প্রদান ও যাচাই করা যায়।
ব্যাংকিং ও ট্রেড ফাইন্যান্সে ডিজিটাল রূপান্তরের অভিজ্ঞতার ভিত্তিতে এ স্বীকৃতি পেয়েছে এসএসসিএল। প্রতিষ্ঠানটি গ্রিনএলসি ও স্পেক্ট্রো ট্রেড এর মতো ডিজিটাল ট্রেড সলিউশনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, ডকুমেন্ট ইন্টেলিজেন্স ও এন্টারপ্রাইজ অটোমেশন নিয়ে কাজ করছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগের আগেই ১০টিরও বেশি শীর্ষস্থানীয় ব্যাংককে যুক্ত করে ঋণপত্র (এলসি) ও বাণিজ্যিক নথি ডিজিটাল করার উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।
গত ১ জুলাই বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ট্রেড করিডরের মাধ্যমে ডকুমেন্টরি কালেকশন ও এলসির বাণিজ্যিক নথি ডিজিটাল প্রক্রিয়াকরণের জন্য পাইলট কাঠামো চালু করে। এসএসসিএলের মতে, ডিজিটাল বাণিজ্য ব্যবস্থায় নথি আদান-প্রদানের সময় ও ব্যয় কমানোর পাশাপাশি স্বচ্ছতা বাড়বে। একই সঙ্গে বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক মানের নিরাপদ ডিজিটাল বাণিজ্য ব্যবস্থার সাথে যুক্ত হওয়ার সুযোগ পাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








